ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ওটিটি-থিয়েটারে বিনোদনের ঝড়, কী দেখবেন এই সপ্তাহে?
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক :- জুনের দ্বিতীয় সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মগুলো যেন দর্শকদের জন্য সাজিয়ে রেখেছে বিনোদনের এক বিশাল সম্ভার। একদিকে ফুটবল বিশ্বকাপের উত্তেজনা, অন্যদিকে নতুন সিরিজ ও সিনেমার রমরমা,ঘরে বসেই মোবাইল ফোন কিংবা টিভিতে জমে উঠতে পারে বিনোদনের আসর। বাংলা থেকে হিন্দি, থ্রিলার থেকে ড্রামা—প্রায় সব ধরনের দর্শকের জন্যই রয়েছে কিছু না কিছু নতুন চমক।
ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন চারদিক মেতে উঠেছে, তখন সিনেমাপ্রেমীদের জন্য বিনোদনের ভাণ্ডার কিন্তু থেমে নেই। বরং এই সপ্তাহে বাংলা ও হিন্দি— দুই ইন্ডাস্ট্রিতেই একাধিক আকর্ষণীয় ছবি মুক্তি পাচ্ছে, যা দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করতে যথেষ্ট।সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কঙ্গনা রানাউতের নতুন ছবি ‘ভারত ভাগ্য বিধাতা’। অন্যদিকে প্রেমের গল্পের অনুরাগীদের জন্য রয়েছে ইমতিয়াজ আলির ‘ম্যাঁয় ওয়াপস আউঙ্গা’।বাংলা ছবির জগতে নজর কাড়ছে ‘আবার হাওয়া বদল’ রাজনৈতিক পালাবদলের আবহে তৈরি এই ছবিতে একসঙ্গে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষকে। বাস্তব জীবনের রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনায় থাকা দুই অভিনেতাকে একই পর্দায় দেখা নিঃসন্দেহে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, ইতিহাস ও অর্থনীতির মেলবন্ধন নিয়ে তৈরি হয়েছে ‘গভর্নর: দ্য সাইলেন্ট সেভিয়ার’। মনোজ বাজপেয়ী অভিনীত এই ছবিতে তুলে ধরা হয়েছে ভারতের অর্থনৈতিক সংকটের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের অর্থনীতিকে বিপদের মুখ থেকে ফিরিয়ে আনতে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর এস. বেঙ্কিটারমণনের ভূমিকা এই ছবির মূল বিষয়।যাঁরা ভৌতিক সিনেমার ভক্ত, তাঁদের জন্য রয়েছে বিক্রম ভট্ট পরিচালিত ‘হন্টেড থ্রিডি’।
বাংলায় ওটিটি ‘হইচই’ প্ল্যাটফর্মে দর্শকদের কাছে এই সপ্তাহের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে মিমি চক্রবর্তীর ‘কুইনস’।পরিচালক নির্ঝর মিত্রের সঙ্গে ‘ডাইনি’র পর আবারও কাজ করেছেন তিনি। প্রতিশোধ, সংগ্রাম এবং নারীর ক্ষমতায়নের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিরিজটি। পরিবারের পুরুষ সদস্যদের হত্যার পর মীরা(মিমি চক্রবর্তী) এবং তার সঙ্গিনীরা কীভাবে লড়াইয়ের পথে এগিয়ে যায়, সেই কাহিনিই তুলে ধরা হয়েছে এখানে।
অন্যদিকে বাংলা জি ফাইভ-এ ১২ জুন শুক্রবার শুরু হয়েছে ‘তারকাটা’-র স্ট্রিমিং। বিক্রম চট্টোপাধ্যায়ের প্রযোজনায় তৈরি এই সিরিজ মুক্তির আগেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছিল। প্রিয়াঙ্কা সরকার ও মায়া চ্যাংয়ের অভিনয়, রহস্যময় কাহিনি এবং আবেগঘন প্রেক্ষাপট সিরিজটিকে আলাদা মাত্রা দিয়েছে। বিশেষ করে অভিনেতা রাহুলের মৃত্যুর পর প্রিয়াঙ্কা সরকারের প্রথম কাজ হিসেবে এই সিরিজকে ঘিরে দর্শকদের আবেগও যথেষ্ট।
হিন্দি কনটেন্টপ্রেমীদের জন্যও রয়েছে জি ফাইভে শিল্পা শেট্টির সঞ্চালনায় শুরু হওয়া নতুন গেম শো ‘মা হ্যায় না’। একই সঙ্গে প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত থ্রিলার ‘রাখ’, যেখানে অভিনয় করেছেন আলি ফজল, আমির বশির এবং সোনালি বেন্দ্রে।১২ জুন নেটফ্লিক্সও প্রিয়দর্শন পরিচালিত এবং অক্ষয় কুমার অভিনীত বহুল আলোচিত ‘ভূত বাংলা’ ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। পাশাপাশি ‘পলিগ্যামিস্ট’ নামের সিরিজটিও আলোচনায় রয়েছে। সু ন্যাথির উপন্যাস অবলম্বনে নির্মিত এই গল্পের কেন্দ্রে রয়েছেন এক জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, যার জীবনের নানা জটিলতা ও সম্পর্কের টানাপোড়েনকে তুলে ধরা হয়েছে। এছাড়াও নেটফ্লিক্সে এসেছে ‘সুইট ম্যাগনোলিয়াস’, ‘মেটারনাল ইন্সটিংক্ট’ এবং ‘মাইকেল’-এর মতো বহুল প্রতীক্ষিত কনটেন্ট।বাংলা সিনেমাপ্রেমীদের জন্য আরও একটি সুখবর রয়েছে আগামী ১৭ জুন প্ল্যাটফর্ম এইটে মুক্তি পাবে ‘স্বর্গরথ সরগরম’ এর মুখ্য ভূমিকায় রয়েছেন লোকনাথ দে, সত্যম ভট্টাচার্য, পুষণ দাশগুপ্ত ও আরশিয়াকে নিয়ে তৈরি এই ছবির পরিচালনায় রয়েছেন অরিজিৎ টোটন চক্রবর্তী। মুক্তির আগেই ছবিটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে দর্শকমহলে।
