আজকের দিনেভারত

ধাক্কা উজ্জ্বলা গ্রাহকদের রান্নাঘরে: বছরে ৯ নয়, ভর্তুকি এবার মাত্র ক’টিতে?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- দেশের ১০.৫ কোটি দরিদ্র পরিবারের রান্নাঘরে ধাক্কা। উজ্জ্বলা যোজনার আওতায় ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা আরও কমাল কেন্দ্র। সোমবার পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, এখন থেকে বছরে ৯টি নয়, মাত্র ৪টি সিলিন্ডারেই মিলবে ভর্তুকি। লোকসানের বহর কমাতেই এই সিদ্ধান্ত বলে দাবি কেন্দ্রের।

কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, দেশে মোট এলপিজি গ্রাহক ৩৩.৩৭ কোটি। এর মধ্যে ১০.৫ কোটি পরিবার উজ্জ্বলা যোজনার সুবিধা পান। কোভিডের সময় এই প্রকল্পে বিনামূল্যে তিনটি সিলিন্ডার দেওয়া হয়েছিল। ২০২২-এর মে মাস থেকে ১৪.২ কেজির সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি শুরু হয়। ২০২৩-এর অক্টোবরে তা বাড়িয়ে ৩০০ টাকা করা হয়। তখন ১২টি সিলিন্ডারে এই ভর্তুকি মিলত। ২০২৫-২৬ অর্থবর্ষে তা কমিয়ে ৯টি করা হয়েছিল। এবার সেই সংখ্যা আরও কমে দাঁড়াল ৪টিতে।

পেট্রোলিয়াম মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রবীণ এম খানুজা জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারে প্রায় ৭০০ টাকা লোকসান করছে। পাশাপাশি প্রতি লিটার পেট্রলে ৬ টাকা এবং ডিজেলে ৩০ টাকা করে ক্ষতি হচ্ছে। ২০২৫-২৬ অর্থবর্ষে গৃহস্থালী এলপিজি বিক্রি করে তেল সংস্থাগুলির অনাদায়ী ক্ষতির পরিমাণ প্রায় ৬০ হাজার কোটি টাকায় পৌঁছেছে।

বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ছে। বেশি দামে গ্যাস কিনেও দেশের গ্রাহকদের কম দামে সরবরাহ করতে হচ্ছে। ফলে সরকারের উপর আর্থিক চাপ বাড়ছে। সেই চাপ সামলাতেই ভর্তুকিতে রাশ টানা হয়েছে।

কেন্দ্রের দাবি, আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশের মানুষ এখনও অনেক কম দামে গ্যাস পাচ্ছেন। বিশ্ববাজারে অস্থিরতা থাকলেও পুরো বোঝা সাধারণ মানুষের ঘাড়ে চাপানো হয়নি। তবে বছরে ১২টি থেকে কমে ৪টি সিলিন্ডারে ভর্তুকি নেমে আসায় উজ্জ্বলা যোজনার ১০.৫ কোটি গ্রাহকের হেঁশেলে যে চাপ বাড়ল, তা নিয়ে প্রশ্ন উঠছেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *