আজকের দিনেবিশ্ব

ইজরায়েলি সেনার এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ৭ মাসের শিশুর, স্তম্ভিত বিশ্ব

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,নিউজ ডেস্ক: প্যালেস্তিনীয় ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কে ফের ইজরায়েলি সেনার আগ্রাসনের শিকার হলো এক নিষ্পাপ শিশু। ৭ মাসের এক শিশুকে গুলি করে মারার এই নৃশংস ঘটনায় স্তম্ভিত গোটা বিশ্ব। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত শুক্রবার হেবরনের তেল রুমিদা এলাকায় বাবা-মায়ের সঙ্গে গাড়িতে করে যাওয়ার সময় এই নির্মম কাণ্ডটি ঘটে। ইজরায়েলি সেনার পক্ষ থেকে দাবি করা হয়েছে, গাড়ি থামাতে বলা হলেও চালক তা শোনেননি এবং ইহুদি সেনার হাত থেকে বাঁচতে গাড়ি ছুটিয়ে পালানোর চেষ্টা করেন। ঠিক তখনই গাড়ি লক্ষ্য করে গুলিবৃষ্টি করে ইজরায়েলি সেনা। তাতেই গুরুতর আহত হয় ৭ মাসের ওই শিশু এবং পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ফাহদ আবু হাইকালও।

তবে ইজরায়েলি সেনার গাড়ি না থামানোর এই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন নিহত শিশুর বাবা ফাহদ। এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, “সেনাবাহিনীর নির্দেশ মতো আমি তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে দিয়েছিলাম। আমার হাত স্টিয়ারিঙেই ছিল। কিছু বলার সুযোগ না দিয়েই তারা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। গাড়ির পিছনের আসনে আমার স্ত্রীর কোলেই ছিল আমাদের ৭ মাসের সন্তান। আমার হাত ছুঁয়ে গুলি গিয়ে আমার শরীর ফুঁড়ে বের হয়ে যায়।” তিনি আরও জানান, ঘটনাটি দিনের আলোয় ঘটেছে এবং গাড়ির ভেতরে কারা আছে তা সেনারা পরিষ্কার দেখতে পাচ্ছিল। কোনো কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে এই গুলি চালানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠতেই মুখ খুলেছে ইজরায়েলি ডিফেন্স ফোর্স (IDF)। গোটা বিষয়টি খতিয়ে দেখে পর্যালোচনা করা হবে বলে আশ্বাস দিয়েছে তারা। অন্যদিকে, নিহত শিশুর পরিবার ও মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *