উৎসব নয়, শ্রদ্ধা: ১১ সমর্থকের মৃত্যুর এক বছর পর ট্রফি উৎসর্গ করে আবেগঘন পাতিদার
কিউ ইন্ডিয়া বাংলা :- গত বছরের বিজয়োৎসবে পদপিষ্ট হয়ে ১১ সমর্থকের মৃত্যুর মর্মান্তিক ঘটনা মনে রেখে এবার কোনও বিজয় মিছিল করছে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার গভীর রাতে টানা দ্বিতীয়বার IPL ট্রফি জয়ের পর সাংবাদিক সম্মেলনে আবেগঘন কণ্ঠে অধিনায়ক রজত পাতিদার ট্রফিটি উৎসর্গ করেন গত বছর প্রয়াত সমর্থকদের। কর্নাটক পুলিশের নির্দেশে বাজি পোড়ানো ও উৎসব পালনেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।
২০২৫ সালে ১৭ বছরের অপেক্ষা শেষে প্রথম IPL ট্রফি জেতে RCB। পরদিন হুড খোলা বাসে প্যারেডের অনুমতি না মিললেও চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয়োৎসবের আয়োজন হয়। সেখানেই অতিরিক্ত ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১১ জন সমর্থক, আহত হন ৬৭ জনেরও বেশি। প্রায় ৫ হাজার নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও দুর্ঘটনা এড়ানো যায়নি। এই ঘটনা ভারতীয় ক্রিকেটের অন্যতম কালো অধ্যায় হয়ে আছে।এবারের প্রেক্ষাপট ভিন্ন। রবিবার রাতে দ্বিতীয়বার IPL চ্যাম্পিয়ন হওয়ার পরই RCB কর্তৃপক্ষ জানিয়ে দেয়, কোনও ভিক্টরি প্যারেড হবে না। কর্নাটক পুলিশও সমর্থক জমায়েত এড়াতে কড়া নির্দেশিকা জারি করেছে। রাস্তাঘাটে বাজি পোড়ানো, মিছিল বা উৎসব পালনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।ট্রফি জয়ের পর সাংবাদিক সম্মেলনে আবেগপ্রবণ হয়ে পড়েন অধিনায়ক রজত পাতিদার। তিনি বলেন, “ভাবলে আজও খুব খারাপ লাগে। সমর্থকরা আমাদের কাছে নিছক সমর্থক নন, ওঁরা আমাদের পরিবার। আমি তাই গত বছর আমাদের বিজয়োৎসবে যোগ দিতে এসে প্রয়াত সমর্থকদের এই ট্রফি উৎসর্গ করতে চাই। আমার আর কিছু বলার ভাষা নেই।”
প্রথম ট্রফি জয়ের আনন্দ যেখানে বিষাদে পরিণত হয়েছিল, দ্বিতীয় ট্রফি জয়ের পর সেই শিক্ষা নিয়েই সতর্ক RCB ও প্রশাসন। উৎসবের বদলে শোক ও শ্রদ্ধাকেই প্রাধান্য দিচ্ছে ফ্র্যাঞ্চাইজি। গত বছরের ১১ প্রয়াত সমর্থকের স্মৃতিতে ট্রফি উৎসর্গ করে RCB বুঝিয়ে দিল, সমর্থকরাই তাদের আসল পরিবার। আপাতত বেঙ্গালুরুতে কোনও সেলিব্রেশন নয়, বরং নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
