রণবীরের পাশে প্রাক্তন ইম্পা প্রধান! ফেডারেশনকে কোর্টে টানলেন টিপি আগরওয়াল!
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক: ফারহান আখতার ও রণবীর সিংয়ের ‘ডন ৩’ ছবিকে কেন্দ্র করে তৈরি হওয়া আইনি ও পেশাগত সংঘাত এবার এক নয়া মোড় নিল। ছবি থেকে অগ্রিম টাকা নিয়েও রণবীর সরে দাঁড়িয়েছেন— প্রযোজক ফারহানের এই অভিযোগের পর বলিউড অভিনেতা রণবীর সিংকে কার্যত কোণঠাসা করার চেষ্টা করেছিল ‘ফেডারেশন অফ ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ । কিন্তু এবার সেই ‘ধুরন্ধর’ অভিনেতার পাশেই শক্ত খুঁটির মতো এসে দাঁড়ালেন বলিউডের স্বনামধন্য প্রবীণ প্রযোজক তথা ‘ইম্পা’-র প্রাক্তন সভাপতি টিপি আগরওয়াল। সিনে ফেডারেশনের এই একতরফা পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে সিভিল কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।
“কাউকে নিষিদ্ধ করার আইনি অধিকার কারও নেই”
বম্বে সিভিল কোর্টে দায়ের করা আবেদনে টিপি আগরওয়াল ফিল্ম বডি এবং ইম্পা— দুই সংগঠনের উদ্দেশ্যেই সাফ জানিয়েছেন যে, কোনো ব্যক্তি, সংস্থা কিংবা বাণিজ্যিক সংগঠনের এমন কোনো আইনগত অধিকার নেই যার জোরে তারা কোনো সেলিব্রিটিকে আচমকা ইন্ডাস্ট্রিতে ‘নিষিদ্ধ’ বা ‘ব্যান’ ঘোষণা করতে পারে। অন্যরা যাতে ওই অভিনেতার সঙ্গে কাজ না করেন, এমন ফতোয়া জারি করা সম্পূর্ণ বেআইনি।
অতীতেও এমন ঘটনার সাক্ষী থেকেছেন জানিয়ে সিনে ফেডারেশনকে ধিক্কার দেন আগরওয়াল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ফিল্ম বডি যা করেছে, তা সম্পূর্ণ ভুল এবং এটি তাদের এক্তিয়ার বহির্ভূত। ২০১৭ সালে আমি যখন ইম্পার সভাপতি ছিলাম, তখনও ফেডারেশন প্রযোজকদের অনেক সমস্যায় ফেলেছিল। আমরা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে গিয়েছিলাম এবং আদালত স্পষ্ট রায় দিয়েছিল যে, তারা কখনোই এ ধরনের পদক্ষেপ নিতে পারে না।”
কেন ফারহানদের পথকে ভুল বলছেন প্রবীণ প্রযোজক?
অভিযোগ ছিল, ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানির প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’ থেকে অগ্রিম পারিশ্রমিক নিয়েও ‘ডন ৩’ থেকে বিমুখ হয়েছেন রণবীর। যার ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছে সংস্থা। এই ‘নন-কোঅপারেশন’ বা অসহযোগিতার জেরে ফেডারেশন রণবীরকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দেয়।
এই প্রসঙ্গে টিপি আগরওয়ালকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ফারহানদের ফিল্ম বডির কাছে না গিয়ে আদালতে যাওয়া উচিত ছিল। তিনি ব্যাখ্যা করেন, কোনো প্রযোজকের সঙ্গে অভিনেতার সমস্যা হলে প্রথমে নিজের শিল্পসংগঠনের (যেমন ইম্পা) কাছে যেতে হয়। সেই সংগঠন উভয় পক্ষকে ডেকে বিষয়টি মেটানোর চেষ্টা করে। সেখানে সমাধান না হলে শেষ রাস্তা আদালত। কিন্তু ফেডারেশন অফ ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর এখানে নাক গলানোর কোনো জায়গা নেই। ইম্পা কেন এই বিষয়ে চুপ থেকে ফেডারেশনের দাদাগিরিকে প্রশ্রয় দিল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বর্তমানে ইম্পা ও ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার পৃষ্ঠপোষক হিসেবেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন যাতে কারও জীবিকা ও সৃজনশীল স্বাধীনতা নষ্ট না হয়।
রণবীরের পাশে ‘সিন্টা’ও
‘ডন ৩’ বিতর্কের এই কঠিন সময়ে টিপি আগরওয়ালের মতো হেভিওয়েট প্রযোজককে পাশে পেয়ে রণবীর সিং যে বড়সড় স্বস্তি পেলেন, তা বলাই বাহুল্য। শুধু আগরওয়ালই নন, অভিনেতাদের সংগঠন ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’ বা সিন্টাও রণবীরের পাশে দাঁড়িয়েছে।
সংগঠনের সহ-সভাপতি তথা বর্ষীয়ান অভিনেত্রী পদ্মিনী কোলহাপুরে সাফ জানিয়েছেন, “রণবীর আমাদের সদস্য। আমরা ওঁর পাশে আছি এবং প্রয়োজনে সবসময় তাঁকে সমর্থন করব।” তবে সংগঠনের সভাপতি পুনম ধিলোঁ জানিয়েছেন, কোনো পক্ষই এখনও তাঁদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ না করায় তাঁদের কাছে পুরো তথ্য নেই। তবে ইন্ডাস্ট্রির অন্দরের এই লড়াই এখন আদালতের চৌকাঠে পৌঁছানোয় ‘ডন ৩’-এর ভবিষ্যৎ কোন দিকে ঘোরে, সেটাই এখন দেখার।
