আজকের দিনেতিলোত্তমা

BUS : ফ্রি বাস পরিষেবার পর নবান্নে বৈঠক চায় পরিবহণ মালিকদের ফোরাম, শুভেন্দুকে চিঠি দিল জেএফটিও !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত চালু করছে শুভেন্দু অধিকারীর সরকার। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েও সামগ্রিক পরিবহণ ব্যবস্থার হাল ফেরাতে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হল রাজ্যের বেসরকারি পরিবহণ মালিকদের যৌথ মঞ্চ।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গণপরিবহণে বড় পদক্ষেপ করেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। ১ জুন থেকেই সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত চালু হচ্ছে। তবে শুধু সরকারি বাস নয়, বেসরকারি বাস, মিনিবাস, ক্যাব, পুলকার পরিষেবার হাল ফেরাতেও সরকারি সহযোগিতা চাইছে পরিবহণ সংগঠনগুলি।

এই দাবি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছে জয়েন্ট ফোরাম অফ ট্রান্সপোর্ট অপারেটর্স (JFTO)। ফোরামের অধীনে রয়েছে অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি, অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড, সিটি সাবারবান বাস সার্ভিস, নর্থ বেঙ্গল প্যাসেঞ্জার্স ট্রান্সপোর্ট ওনার্স কো-অর্ডিনেশন কমিটি ও পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

চিঠিতে তারা জানিয়েছে, পরিবহণ রাজ্যের আয়ের বড় উৎস। পেট্রল-ডিজেলের লাগামছাড়া দামবৃদ্ধির কারণে বেসরকারি পরিষেবা মসৃণভাবে চালানো কঠিন হয়ে পড়ছে। বিশেষ নজরে রয়েছে স্কুল পুলকার এবং ক্যাব পরিষেবা। সংগঠনের দাবি, সরকার বদলের পর পরিবহণ ক্ষেত্রে একাধিক ধোঁয়াশা তৈরি হয়েছে। সেই ধোঁয়াশা কাটাতে এবং পরিষেবার মান বাড়াতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চায় প্রতিনিধিদল।

মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবার মতো জনমুখী সিদ্ধান্তের পর এবার গোটা পরিবহণ ব্যবস্থাকে চাঙ্গা করার চ্যালেঞ্জ শুভেন্দু সরকারের সামনে। বেসরকারি সংগঠনগুলি সরকারের সহযোগী হয়েই কাজ করতে চাইছে। এখন দেখার, জেএফটিও-র চিঠির পর নবান্ন কী পদক্ষেপ করে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হলে জ্বালানির দাম, নীতিগত ধোঁয়াশা এবং পরিষেবার মান – তিনটি ক্ষেত্রেই রফাসূত্র মিলতে পারে বলে আশাবাদী পরিবহণ মালিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *