আজকের দিনেভারতসুস্থ থাকুন

Indian Doctor : ৪,০০০ কিমি দূর থেকে রোবট চালিয়ে হায়দরাবাদে সফল অস্ত্রোপচার ভারতীয় চিকিৎসকের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- দূরত্বকে হার মানাল প্রযুক্তি। চিনের উহান থেকে বসে হায়দরাবাদের রোগীর জটিল অপারেশন করলেন ভারতীয় রোবোটিক সার্জন ডা. সৈয়দ মহম্মদ গাউস। টেলিসার্জারির মাধ্যমে ভারতের চিকিৎসা ব্যবস্থায় তৈরি হল নতুন ইতিহাস।

গত ১৮ মে হায়দরাবাদের এশিয়ান ইনস্টিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজিতে ভর্তি এক রোগীর রোবোটিক ইউরেটেরিক রিইমপ্লান্ট অস্ত্রোপচার হয়। কিন্তু যিনি অপারেশন করলেন, সেই সার্জন ডা. সৈয়দ মহম্মদ গাউস তখন সশরীরে ছিলেন চিনের উহানের তংজি হাসপাতালে। প্রায় ৪,০০০ কিলোমিটার দূর থেকে হাই-স্পিড ইন্টারনেটের সাহায্যে মেডবট রোবোটিক প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি নিখুঁতভাবে অস্ত্রোপচারটি সম্পন্ন করেন। ডা. গাউস জানান, সাধারণ রোবোটিক সার্জারির সঙ্গে এর কোনও তফাত নেই। ওটি-তে সার্জনরা এমনিতেও রোগীর উপর ঝুঁকে না থেকে এক কোণে থাকা কনসোলে বসেই কাজ করেন। এখানে শুধু সেই কনসোলের দূরত্বটা কয়েক মিটার থেকে বেড়ে ৪,০০০ কিমি হয়েছে। রোবোটিক সিস্টেমের তিনটি অংশ থাকে। পেশেন্ট কার্ট রোগীর শরীরের সঙ্গে যুক্ত থাকে, ইমেজ কার্ট অস্ত্রোপচারের ভিতরের লাইভ দৃশ্য পর্দায় দেখায় এবং সার্জনস কনসোল থেকে চিকিৎসক রোবট নিয়ন্ত্রণ করেন। অপারেশনের সময় হায়দরাবাদের ওটি-তে রোগীর পাশে সর্বক্ষণ উপস্থিত ছিলেন দক্ষ সহকারী সার্জন সহ গোটা মেডিকেল টিম। দুই দেশের মধ্যে টু-ওয়ে অডিয়ো ভিডিয়ো যোগাযোগ এক সেকেন্ডের জন্যও বন্ধ হয়নি। চিকিৎসকরা বলছেন, এই ধরনের টেলিসার্জারির জন্য ৩০ থেকে ৫০ Mbps ব্রডব্যান্ড স্পিড জরুরি। যাতে লাইভ ভিজ্যুয়াল বা কমান্ড এক মিলিসেকেন্ডের জন্যও না আটকায়। সুরক্ষার জন্য ২ থেকে ৩টি লিজড ইন্টারনেট লাইন ব্যাকআপ থাকে। একটি ডাউন হলে অন্যটি চালু হয়ে যায়। সব সংযোগ বিচ্ছিন্ন হলেও ওটি-তে থাকা সহকারী চিকিৎসকরা সঙ্গে সঙ্গে রোবটের নিয়ন্ত্রণ নিয়ে নেন।

এই সাফল্য প্রমাণ করল, দূরত্ব আর চিকিৎসার পথে বাধা নয়। প্রত্যন্ত গ্রামে বিশেষজ্ঞ সার্জনের অভাব মেটাতে পারে টেলিসার্জারি। একজন দক্ষ চিকিৎসক এক শহরে বসেই দেশের বিভিন্ন প্রান্তের রোগীর প্রাণ বাঁচাতে পারবেন। প্রযুক্তির এই অগ্রগতি ভারতের স্বাস্থ্য ব্যবস্থাকে কয়েক ধাপ এগিয়ে দিল এবং ভবিষ্যতে গ্রামীণ চিকিৎসায় বিপ্লব আনার দরজা খুলে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *