অস্ত্র-সহ ধৃত তৃণমূল বিধায়কের ছেলে, এখনো অধরা দিলীপ মণ্ডল
কিউ ইন্ডিয়া বাংলা:-দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলে অর্ঘ্য মণ্ডল-সহ পাঁচজনকে বেআইনি অস্ত্র-সহ গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে বকখালি-ফ্রেজ়ারগঞ্জ এলাকায় এসটিএফ ও ডায়মন্ড হারবার পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ে তারা। তবে এখনও অধরা বিধায়ক দিলীপ মণ্ডল।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে গোপন খবরের ভিত্তিতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশ যৌথভাবে বকখালি-ফ্রেজ়ারগঞ্জ এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই অর্ঘ্য মণ্ডল-সহ দিলীপের ঘনিষ্ঠ আরও চারজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সব অস্ত্রই বেআইনি।
উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে আগেই তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের নামে মামলা হয়। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার পৈলানে তাঁর বিশাল বাড়িতে হানা দেয় পুলিশ। লোহার গেট ঠেলে ভিতরে ঢুকেই তদন্তকারীরা দেখেন সুদীর্ঘ লন, বুদ্ধ মূর্তি থেকে বাঘ, ময়ূরের মূর্তি দিয়ে সাজানো বিলাসবহুল বাড়ি। তবে সেদিন বিধায়কের খোঁজ মেলেনি। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছিল। রবিবার রাতে বিধায়ক-পুত্র-সহ পাঁচজনকে ধরার পর জেরা শুরু হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্রের উৎস ও উদ্দেশ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে মূল অভিযুক্ত দিলীপ মণ্ডল এখনও পলাতক। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি জারি রয়েছে।
ভোটের মুখে তৃণমূল বিধায়কের ছেলে অস্ত্র-সহ ধরা পড়ায় চাপে শাসক শিবির। বিধায়ক নিজে পলাতক থাকায় ঘটনায় রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ল। পুলিশের দাবি, অস্ত্র মজুতের পিছনে বড় কোনও পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
