আজকের দিনেখেলাভারত

Derby-Football : ডার্বি ১-১ গোলে ড্র, লিগ জয়ের আরো কাছে ইস্টবেঙ্গল, কঠিন সমীকরণ মোহনবাগানের সামনে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-আগাম উল্লাসই কাল হল ইস্টবেঙ্গলের। ৮৪ মিনিটে এডমুন্ড লালরিন্ডিকার গোলে এগিয়ে গিয়ে জয়ের গন্ধ পেতে শুরু করেছিল লাল-হলুদ। কিন্তু শেষ মুহূর্তে মনঃসংযোগ হারাতেই ৯০ মিনিটে জেসন কামিংসের গোলে ডার্বিতে সমতা ফেরাল মোহনবাগান। যুবভারতীতে ১-১ ড্রয়ে শেষ হল হাইভোল্টেজ ম্যাচ।

ম্যাচের শুরুতে মোহনবাগানের প্রয়াত প্রাক্তন সভাপতি স্বপনসাধন টুটু বসুর স্মৃতিতে নীরবতা পালন করেন দু’দলের ফুটবলাররা। শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় মোহনবাগান। তবে প্রাথমিক চাপ সামলে পাল্টা আক্রমণে ওঠে ইস্টবেঙ্গল। ১৫ মিনিটে অ্যান্টন সোজবার্গের বাঁ পায়ের শট পোস্টে লেগে ফেরে। ৩৭ মিনিটে মিগুয়েলের পাস থেকে একা গোলরক্ষককে পেয়েও বিশালের হাতে বল তুলে দেন সোজবার্গ।

প্রথমার্ধে বলের দখল বেশি মোহনবাগানের থাকলেও সহজ সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল। দ্বিতীয়ার্ধে খেলার ছবি বদলায়। শুরু থেকেই চাপ বাড়ায় ইস্টবেঙ্গল। ৫০ মিনিটে শুভাশিসের ভুলে বক্সে ফাঁকায় বল পেয়েও বারের উপর দিয়ে উড়িয়ে দেন বিপিন।

৬২,২০১ দর্শকের গর্জনে কাঁপছিল যুবভারতী। ৫৯ মিনিটে লিস্টনের ফ্রি কিক লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরই ইউসেফ এজেজারিকে নামান ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজ়ো। লিগের সর্বোচ্চ গোলদাতা নামতেই আক্রমণের ঝাঁজ বাড়ে লাল-হলুদের। ৬৬ মিনিটে মিগুয়েলের জোরাল শট বাঁচান বিশাল। ফিরতি বলে এজেজারির শট রুখে দেন অলড্রেড। অবশেষে ৮৪ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। তিন পাসে বাগান রক্ষণ ভেঙে দেয় ইস্টবেঙ্গল। এজেজারি থেকে মিগুয়েল হয়ে বল পান এডমুন্ড লালরিন্ডিকা। ডিফেন্ডারকে কাটিয়ে আগুয়ান বিশালের পাশ দিয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়ান তিনি। গোলের পর দীর্ঘ উল্লাসে মাতে ইস্টবেঙ্গল শিবির। যেন ম্যাচ তখনই জিতে গিয়েছে তারা। কিন্তু সেই উল্লাসই ভুল প্রমাণিত হয়। মনঃসংযোগ হারায় লাল-হলুদ রক্ষণ। সেই সুযোগ কাজে লাগায় মোহনবাগান। ৯০ মিনিটে রবসনের কর্নার থেকে ব্যাক হেডে দুরন্ত গোল করে সমতা ফেরান জেসন কামিংস।

এই ড্রয়ের ফলে সুবিধাজনক জায়গায় ইস্টবেঙ্গল। শেষ ম্যাচে ইন্টার কাশীকে হারালেই প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হবে তারা। অন্যদিকে মোহনবাগানের ভাগ্য আর নিজেদের হাতে নেই। স্পোর্টিং দিল্লিকে হারালেও তাকিয়ে থাকতে হবে ইস্টবেঙ্গল ম্যাচের দিকে। লাল-হলুদ পয়েন্ট নষ্ট করলেই কেবল খেতাবের সুযোগ থাকবে সবুজ-মেরুনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *