Howrah Station : মাঝরাতে হাওড়া স্টেশন চত্বরে বুলডোজ়ার, এক ঘণ্টায় সাফ অবৈধ দোকান !
কিউ ইন্ডিয়া বাংলা :- রাত সাড়ে এগারোটা। আচমকাই হাওড়া স্টেশনের সামনে হাজির বুলডোজ়ার। মুহূর্তে গোটা এলাকা ঘিরে ফেলল পুলিশ ও RPF। এরপরই শুরু হল উচ্ছেদ অভিযান। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল স্টেশনে ঢোকার রাস্তা দখল করে রাখা অবৈধ দোকান, স্টল, গুমটি। গতকাল রাতে জবরদখল হটাতেই এই অভিযান চালানো হয় বলে রেল সূত্রে খবর।
অভিযোগ, দীর্ঘদিন ধরেই হাওড়া স্টেশনে ঢোকার রাস্তা দখল করে রেখেছিলেন অবৈধ দোকানদাররা। গুমটি, ঠেলাগাড়ি, অস্থায়ী দোকানের ভিড়ে হাঁটাই দায় হয়ে উঠেছিল। বড় ব্যাগ, ট্রলি নিয়ে দূরপাল্লার যাত্রীদের স্টেশনে ঢুকতে চরম ভোগান্তি পোহাতে হত। নিত্যযাত্রীরাও নাজেহাল ছিলেন। বারবার অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি। অবশেষে রাজ্যে পালাবদলের পর অভিযানে নামল PWI এবং RPF।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল রাতে হাওড়া সিটি পুলিশ ও RPF-এর বিশাল বাহিনী এলাকা ঘিরে ফেলে। শুরু হয় মাইকিং। অবৈধ দখলদারদের দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। স্পষ্ট জানানো হয়, যাঁরা স্টেশনের ঢোকার রাস্তা বেআইনি ভাবে দখল করে রেখেছেন, তাঁরা যেন অবিলম্বে ডালা, ঠেলা বা গুমটি সরিয়ে নেন। বেশ কিছুক্ষণ সময়ও দেওয়া হয়। কিন্তু তাতে কাজ হয়নি। অভিযোগ, একজন অবৈধ দোকানদারও নিজে থেকে ঠেলা বা ডালা সরাননি। এরপরই নামে বুলডোজ়ার। এক ঘণ্টার মধ্যে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ দোকান, গুমটি, ডালা। পুরো এলাকা খালি করে দেওয়া হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। গোটা এলাকা মুড়ে ফেলা হয় কড়া নিরাপত্তায়। অভিযানের সময় RPF ও হাওড়া সিটি পুলিশের পাশাপাশি PWI-র আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতেই হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা দখলমুক্ত করা হয়েছে। স্টেশনের ভিতরে ও বাইরে কোনও রকম বেআইনি দখলদারি বরদাস্ত করা হবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে। শুধু গতকাল নয়, ভবিষ্যতেও লাগাতার এই ধরনের অভিযান চলবে বলে জানিয়েছে প্রশাসন।
