আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Ministry : বঙ্গে সাফল্যের পর মোদীর মন্ত্রিসভায় বড় রদবদলের সম্ভাবনা, নজরে পশ্চিমবঙ্গ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :-পশ্চিমবঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক সাফল্যের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করতে পারেন বলে বিজেপি সূত্রের খবর। ২০২৯-এর লোকসভা ভোটকে সামনে রেখে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে, বাদল অধিবেশনের আগেই এই পরিবর্তন আসতে পারে। এই সম্ভাবনায় দিল্লির রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। সূত্র জানাচ্ছে, এবারের রদবদলে বাড়তি গুরুত্ব পেতে পারে পশ্চিমবঙ্গ।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একাংশের মতে, মন্ত্রিসভার এই রদবদলে পশ্চিমবঙ্গ থেকে আরও দু’জন সাংসদকে অন্তর্ভুক্ত করা হতে পারে। এখন মোদী মন্ত্রিসভায় রাজ্য থেকে আছেন সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। তাই নতুন করে কাদের নাম আসতে পারে, তা নিয়েই দলের ভিতরে চর্চা চলছে।
রাজধানীর অন্দরের খবর, এবার মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এর আগে সভাপতি থাকাকালীন জেপি নাড্ডাকেও কেন্দ্রীয় মন্ত্রিসভায় নেওয়া হয়েছিল। সভাপতির মেয়াদ শেষের পর এখন স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্বে রয়েছেন নাড্ডা। সেই পথেই হাঁটতে পারেন নীতিন নবীন। পাশাপাশি, মহিলা সংরক্ষণ বিল পাস করাতে কেন্দ্র সরকার বদ্ধপরিকর। ফলে এবারের রদবদলে একাধিক নতুন মহিলা মুখকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে। এদিকে, নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। তাঁর দপ্তর পরিবর্তন হবে, নাকি মন্ত্রিসভা থেকে বাদ পড়বেন, তা নিয়েও চলছে নানা হিসাব-নিকাশ।

২০২৯-এর লোকসভা নির্বাচনের আগে সংগঠন ও সরকারকে আরও শক্তিশালী করতেই এই রদবদলের ভাবনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গে সাম্প্রতিক জয়ের পর রাজ্য থেকে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব বাড়িয়ে বঙ্গ বিজেপির মনোবল আরও চাঙ্গা করতে চাইছে শীর্ষ নেতৃত্ব। বাদল অধিবেশনের আগেই জুলাই মাসে এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। আপাতত দিল্লির নজর প্রধানমন্ত্রীর পরবর্তী পদক্ষেপের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *