ভোটের আগে ভাঙড়ে পুলিশ কমিশনার, হিংসা রুখতে কড়া বার্তা
কিউ ইন্ডিয়া বাংলা :- কিছুদিন আগেই কলকাতার নতুন পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়েছেন সুপ্রতিম সরকার। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি ভাঙড়ে এলেন। ভাঙড় ডিভিশনের অফিসে বসে সমস্ত পুলিশ আধিকারিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ-সহ বিভিন্ন থানার ওসিরা।
রাজ্যে ভোটের আর হাতে গোনা কয়েক সপ্তাহ বাকি। ভোট এলেই ভাঙড়ে অশান্তির ছবি নতুন নয়। রাজনৈতিক উত্তেজনা ও হিংসার কারণে এই এলাকা বরাবরই সংবেদনশীল। সেই পরিস্থিতিতে স্বয়ং কলকাতার পুলিশ কমিশনারের ভাঙড় সফর ও উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি ভাঙড় ডিভিশন কলকাতা পুলিশের নিয়ন্ত্রণে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই ভাঙড়ে বিজয়গঞ্জ বাজার থানার উদ্বোধন হতে চলেছে। সেই থানার প্রস্তুতি ও প্রশাসনিক দিক নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি ভাঙড়ে কর্মরত পুলিশকর্মীদের কাজের পরিবেশ, সুযোগ-সুবিধা ও সমস্যার বিষয়েও খোঁজ নেন পুলিশ কমিশনার।
স্বাভাবিকভাবেই বৈঠকে উঠে আসে ভাঙড়ের রাজনৈতিক হিংসার প্রসঙ্গ। সূত্রের খবর, হিংসা দমন নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় পুলিশ কর্তাদের মধ্যে। কমিশনার সুপ্রতিম সরকারের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয় ভাঙড়ে কোনও ধরনের হিংসা বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা বজায় রাখতে সব রকম পরিস্থিতির জন্য পুলিশকে সম্পূর্ণ প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়।
বৈঠক শেষ করে ডিসি অফিস থেকেই কলকাতার উদ্দেশ্যে রওনা হন পুলিশ কমিশনার। যদিও সেই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কোনও মন্তব্য করতে চাননি। তবে জানা গিয়েছে, পরবর্তী সফরে তিনি ভাঙড়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিতভাবে কথা বলবেন।
