ভারত–আমেরিকা সম্পর্কে নতুন গতি
কিউ ইন্ডিয়া বাংলা :- ভারত–আমেরিকা বাণিজ্যিক সম্পর্কে এক ঐতিহাসিক পদক্ষেপের ঘোষণা। আগামী পাঁচ বছরে আমেরিকা থেকে প্রায় ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কেনার পরিকল্পনা প্রকাশ্যে আনল ভারত। সদ্য ঘোষিত ভারত–আমেরিকার যৌথ বিবৃতিতে এই উচ্চাভিলাষী বাণিজ্য পরিকল্পনার বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়েছে। কূটনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্ত দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে শুধুমাত্র বাণিজ্যের ক্ষেত্রেই নয়, বরং কৌশলগত অংশীদারিত্বের দিক থেকেও এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।
যৌথ বিবৃতি অনুযায়ী, এই বিপুল পরিমাণ আমদানির তালিকায় রয়েছে এনার্জি প্রোডাক্ট, অপরিশোধিত তেল ও এলএনজি, বিমান ও বিমানযন্ত্রাংশ, মূল্যবান ও গুরুত্বপূর্ণ ধাতু, উচ্চপ্রযুক্তি সামগ্রী, কোকিং কয়লা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সরঞ্জাম। বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার আবহে এই ঘোষণা ভারত ও আমেরিকার মধ্যে দীর্ঘমেয়াদি আস্থা ও সহযোগিতার প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
প্রযুক্তি খাতে সহযোগিতা এই চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক। যৌথ বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সেন্টার ও উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং পরিকাঠামোয় সহযোগিতা বাড়াতে চায় দুই দেশ। এই লক্ষ্যে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট সহ অন্যান্য উন্নত প্রযুক্তি পণ্যের বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হবে। পাশাপাশি, শুধু আমদানি নয় যৌথ প্রযুক্তি গবেষণা, উদ্ভাবন এবং দক্ষতা বিনিময়ের ক্ষেত্রেও সহযোগিতা সম্প্রসারণের রূপরেখা দেওয়া হয়েছে।
জ্বালানি নিরাপত্তার প্রশ্নেও এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে দিল্লি। আমেরিকা থেকে এলএনজি, অপরিশোধিত তেল ও অন্যান্য শক্তি পণ্য আমদানির ফলে ভারতের জ্বালানি উৎসে বৈচিত্র্য আসবে। এতে একদিকে যেমন দীর্ঘমেয়াদে জ্বালানি সরবরাহ আরও স্থিতিশীল হবে, তেমনই আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব মোকাবিলায় ভারত তুলনামূলকভাবে শক্ত অবস্থানে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে, বিমান ও বিমানযন্ত্রাংশ আমদানির ফলে ভারতের অসামরিক উড়ান শিল্পে আধুনিকীকরণ ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। ক্রমবর্ধমান যাত্রী সংখ্যার সঙ্গে তাল মিলিয়ে দেশের বিমান পরিকাঠামো উন্নত করতে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
ডিজিটাল বাণিজ্যের ক্ষেত্রেও বড় বার্তা দিয়েছে এই সমঝোতা। যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ডিজিটাল বাণিজ্যে বৈষম্যমূলক নিয়ম, অতিরিক্ত নিয়ন্ত্রক বোঝা এবং অন্যান্য অপ্রয়োজনীয় প্রতিবন্ধকতা দূর করতে একসঙ্গে কাজ করবে ভারত ও আমেরিকা। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির অংশ হিসেবে একটি শক্তিশালী, উচ্চাভিলাষী ও পারস্পরিক লাভজনক ডিজিটাল বাণিজ্য নীতি তৈরির লক্ষ্যে একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি করা হবে।
বিশেষজ্ঞদের মতে, এই ৫০০ বিলিয়ন ডলারের পরিকল্পনা শুধুমাত্র বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নয়, বরং প্রযুক্তি, জ্বালানি ও ডিজিটাল অর্থনীতিকে কেন্দ্র করে ভারত–আমেরিকার মধ্যে একটি দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের স্পষ্ট ইঙ্গিত বহন করছে। বৈশ্বিক অর্থনীতির টালমাটাল পরিস্থিতির মধ্যেও এই ঘোষণাকে ভারত–আমেরিকা সম্পর্কের ‘নতুন অধ্যায়’ বলেই দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা।
