পার্টির রাতেই কাণ্ড, শাশুড়ি নির্যাতনে ধরা জামাই
কিউ ইন্ডিয়া বাংলা :- পারিবারিক অনুষ্ঠানের আনন্দের আবহ মুহূর্তেই আতঙ্কে পরিণত হল। শাশুড়ির ঘরে ঢুকে নির্যাতনের অভিযোগে জামাইকে গ্রেপ্তার করল পুলিশ। এই পাশবিক ঘটনাটি ঘটেছে মেমারি থানার অন্তর্গত মণ্ডল গ্রামে, পূর্ব বর্ধমান জেলায়। অভিযোগ জানান নিজেই বছর পঁয়তাল্লিশের ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার নির্যাতিতার বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠান ছিল। আত্মীয়স্বজনদের ভিড়ে আমন্ত্রিত ছিলেন পরিবারের ভাগ্নি-জামাই, গয়েশপুর গ্রামের বাসিন্দা শ্যামল মহালি। দিনভর খাওয়াদাওয়া, আড্ডা ও আনন্দের পর রাত গভীর হলে সবাই নিজ নিজ ঘরে ঘুমোতে যান।
অভিযোগ, গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় শ্যামল বাড়ির ছাদের টালি খুলে চুপিসারে তাঁর মামি-শাশুড়ির ঘরে ঢোকে এবং জোর করে নির্যাতন করে। সেই সময় বাড়ির অধিকাংশ সদস্যই নেশাগ্রস্ত থাকায় প্রথমে মহিলার চিৎকার স্পষ্টভাবে কেউ বুঝতে পারেননি। কিছুক্ষণ পর সন্দেহ হওয়ায় পরিবারের সদস্যরা এগিয়ে গেলে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন বলে দাবি।
পরিবারের সদস্যরা তাকে একটি ঘরে আটকে রাখেন। কিন্তু অভিযোগ, কিছু সময় পর ওই ঘরেরও ছাদের টালি খুলে পালিয়ে যায় সে। এরপর রবিবার সকালে নির্যাতিতাকে নিয়ে পরিবারের লোকজন থানায় যান এবং লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত শ্যামল মহালিকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে বর্ধমান আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় অভিযুক্তের নেশাগ্রস্ত অবস্থা, ঘটনাস্থলের পরিস্থিতি এবং অন্যান্য সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় গ্রামজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং প্রতিবেশীরাও আতঙ্কিত। নিমন্ত্রণে এসে এমন ঘটনার কথা কেউ কল্পনাও করতে পারেননি বলে জানিয়েছেন স্থানীয়রা। পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
