নির্বাচনের আগে পুলিশের বদলি শেষ করতে কড়া নির্দেশ সিইও দফতরের
কিউ ইন্ডিয়া বাংলা :- সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যে জোরকদমে চলছে এসআইআর সংক্রান্ত কাজ, যা নিয়ে ইতিমধ্যে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। এই পরিস্থিতিতে নির্বাচন-সংক্রান্ত প্রস্তুতি আরও জোরদার করতে পুলিশের বদলি ও পোস্টিং প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এ বিষয়ে রাজ্যের স্বরাষ্ট্রদপ্তরকে চিঠিও পাঠানো হয়েছে।
চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, পুলিশের যেসব পদে বদলি ও পোস্টিং সংক্রান্ত প্রক্রিয়া এখনও বাকি রয়েছে, তা আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই সম্পূর্ণ করতে হবে। নির্বাচনের আগে নিয়ম অনুযায়ী যে সমস্ত ট্রান্সফার হয়ে থাকে, সেগুলিও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুরো প্রক্রিয়া সম্পন্ন হলে তার বিস্তারিত রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পাঠাতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।
এদিকে আজ মঙ্গলবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। জানা গিয়েছে, এক দফায় বাংলায় ভোট করানোর প্রস্তাব ইতিমধ্যেই কমিশনের কাছে পাঠিয়েছে সিইও দফতর। সেই প্রস্তাব নিয়েই এদিন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার সুপ্রিম কোর্ট এসআইআর সংক্রান্ত মামলার শুনানির সময়সীমা আরও সাত দিন বাড়িয়েছে। ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের মতে, ২৮ ফেব্রুয়ারির আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব নয়।
এর আগে শুনানি শেষ না হওয়ায় তালিকা প্রকাশের সময়সীমা পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছিল। কমিশন তখন ২১ ফেব্রুয়ারি তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেয়। কিন্তু ফের শুনানির সময় বাড়ানোয় সেই সূচিও অনিশ্চিত হয়ে পড়েছে। এই অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে ভোট করাতে গেলে একাধিক দফায় ভোটগ্রহণ করা কার্যত সম্ভব নয় বলেই মনে করছে সিইও দফতর।
