আজকের দিনেবাংলার আয়না

নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তর ৫ বছরের জেল

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- পর্যটন কেন্দ্রে এক নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দিল আরামবাগ মহকুমা আদালত। ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি। বুধবার আদালত ওই যুবককে দোষী সাব্যস্ত করে এই সাজা ঘোষণা করে।

পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, ওই দিন ১০ বছর বয়সী নাবালিকা তার ঠাকুমার সঙ্গে হুগলির গোঘাট এলাকার একটি পর্যটন কেন্দ্রে গিয়েছিল। কিছুক্ষণ পরে ঠাকুমার অজান্তেই শিশুটি একা খেলছিল। সেই সময় অভিযুক্ত যুবক তাকে পিছন থেকে ধরে ফেলে বলে অভিযোগ।
দুপুরের সময় পর্যটন কেন্দ্রটি ফাঁকা ছিল। সেই সুযোগে অভিযুক্ত নাবালিকার মুখ চেপে ধরে এবং তার হাত-পা বেঁধে দেয় বলে অভিযোগ ওঠে। এরপর শিশুটিকে সেখানে ফেলে রেখে অভিযুক্ত পালিয়ে যায়। পরে স্থানীয় কয়েকজন ওই নাবালিকাকে উদ্ধার করেন। ঠাকুমাও সেখানে পৌঁছন। বাড়ি ফিরে শিশুটি পুরো ঘটনা মাকে জানালে পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। এরপরই নাবালিকার মা গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। পরে আরামবাগ মহকুমা আদালতে মামলার শুনানি শুরু হয়।

বুধবার আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয়। জরিমানা না দিলে আরও এক মাসের জেলের নির্দেশ দেন বিচারক কিশানলাল আগরওয়াল। রায় ঘোষণার পর স্বস্তি প্রকাশ করেছে নাবালিকার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *