আজকের দিনেতিলোত্তমা

ধার ঘিরে অশান্তি, কাবুলিওয়ালার হামলায় মৃত্যু বৃদ্ধের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ধার শোধ না হওয়াকে কেন্দ্র করে বেহালায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অরুণজ্যেতি বর। বয়স প্রায় ৬০ বছর। ঘটনাটি ঘটেছে বেহালা থানা এলাকার টালিগঞ্জ সার্কুলার রোডে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অরুণজ্যেতি বর বহু বছর আগে আহমেদ নামে এক কাবুলিওয়ালার কাছ থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকা এখনও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ। এই টাকা চাওয়াকে ঘিরেই অশান্তির সূত্রপাত। গত ২ ফেব্রুয়ারি, আহমেদের ভাই হাসরত ওই বাড়িতে টাকা চাইতে যান। তখন অরুণজ্যেতিবাবু ও তাঁর স্ত্রীর সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ, কথা কাটাকাটির সময় হাসরত বৃদ্ধের সঙ্গে অভব্য আচরণ করেন। তাঁকে গালিগালাজ করা হয়। অরুণজ্যেতিবাবু প্রতিবাদ করতেই পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।

পরিবারের অভিযোগ, সেই সময় অভিযুক্ত কাবুলিওয়ালা ও তাঁর ভাই অরুণজ্যেতিবাবুর উপর চড়াও হন। তাঁকে মারধর করা হয়। এর পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, অরুণজ্যেতিবাবু আগে থেকেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। মারধরের ঘটনার পর তাঁর অবস্থার অবনতি ঘটে। চিকিৎসা চললেও শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।

এর পরেই মৃতের পরিবারের তরফে বেহালা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে। অভিযুক্ত করা হয়েছে ওই কাবুলিওয়ালা ও তাঁর ভাইকে।

বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। পুরো ঘটনার পেছনের কারণ এবং পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *