চেন্নাইয়ে মৃত কাক থেকে বার্ড ফ্লু, জারি সতর্কতা
কিউ ইন্ডিয়া বাংলা :- গত কয়েকদিন ধরে চেন্নাই শহরের বিভিন্ন এলাকায় রাস্তার ধারে শত শত কাকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যাচ্ছিল। এই অস্বাভাবিক ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে প্রশাসন মৃত কাকের দেহের নমুনা পরীক্ষার জন্য পাঠায়। রিপোর্ট হাতে আসার পর সরকারি আধিকারিকদের উদ্বেগ আরও বেড়েছে, কারণ পরীক্ষায় এইচ৫এন১ বা বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে।
সরকারি সূত্রের আশঙ্কা, এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে। সেই কারণেই এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট স্বাস্থ্যবিধি বা প্রোটোকল মেনে মৃত কাক এবং হাঁস-মুরগির দেহ পুড়িয়ে ফেলা অথবা গভীর গর্ত করে পুঁতে ফেলতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকে স্পষ্টভাবে বলা হয়েছে, রাস্তায় মৃত পাখি দেখলে তা স্পর্শ না করতে।
চেন্নাই শহরের আডিয়ার এলাকায় বার্ড ফ্লুর প্রাদুর্ভাব ধরা পড়ার পর বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় উদ্যানপালন মন্ত্রক। তারা তামিলনাড়ুর মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে এলাকায় প্রয়োজনীয় সমীক্ষা চালানো এবং সংক্রমণ ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এইচ৫এন১ ভাইরাস অত্যন্ত ছোঁয়াচে। একবার কোনও পাখির শরীরে ঢুকলে খুব দ্রুত অন্য পাখিদের মধ্যেও ছড়িয়ে পড়ে। শুধু পাখি নয়, এই ভাইরাস পাখি থেকে মানুষের শরীরেও সংক্রমণ ঘটাতে পারে। সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে, খামার বা বাজার এলাকায় যদি পাখিদের মধ্যে সংক্রমণ ধরা পড়ে, তাহলে সময়মতো সব পাখিকে একসঙ্গে মেরে ফেললে মানুষের শরীরে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তবে এর জন্য ভাইরাস মানুষের শরীরে ঢোকার আগেই ব্যবস্থা নিতে হবে।
এই পরিস্থিতিতে প্রশাসন এবং স্বাস্থ্য দফতর সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি নির্দেশ মেনে চলার আবেদন জানিয়েছে, যাতে সংক্রমণ আর না ছড়ায়।
