কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় হঠাৎ আগুন
কিউ ইন্ডিয়া বাংলা :- ভয়াবহ অগ্নিকাণ্ড ভোর বেলায় । কাটোয়া রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি লোকাল ট্রেনের কামরায় আগুন লাগে । ভোর পাঁচটা নাগাদ আচমকাই আগুন দেখতে পাওয়া যায় । ট্রেনটি সেই সময় ফাঁকা থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। কাটোয়া আজিমগঞ্জ রুটের লোকাল ট্রেন ছিল এটি । দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে । তবে আগুন লাগার কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি ।
স্থানীয় সূত্র মারফত খবর, আজ ১৫ ই ফেব্রুয়ারি ভোরে কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ফাঁকা লোকাল ট্রেনের একটি কম্পার্টমেন্টে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতে দেখা যায় । ট্রেনটি তখন স্টেশনের দু নম্বর প্লাটফর্মে দাঁড়িয়েছিল উপস্থিত যাত্রীরা আগুন দেখে চিৎকার করে ওঠে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি এবং আরপিএফ এর টিম । দমকলে খবর দেওয়া হলে দমকলের দুটি ইঞ্জিন এক ঘন্টা কুড়ি মিনিটের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে কাটোয়া আজিমগঞ্জ লোকাল ট্রেনে। আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে বগিটিকে ট্রেন থেকে আলাদা করা হয়েছে এবং আগুন নেভানো হয়েছে । ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। রেলের বিশেষ তদন্তকারী দল ঘটনার তদন্ত শুরু করেছে ।
