আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা
কিউ ইন্ডিয়া বাংলা:- মাধ্যমিক পরীক্ষা শেষের পর আজ ১২ ই ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হচ্ছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা । ২০২৫ থেকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হয়ে আসছে। আজ উচ্চমাধ্যমিকের চতুর্থ তথা শেষ সেমিস্টারের পরীক্ষা।
এবারের উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ৯০ হাজার ৮১১ জন। পর্ষদ সূত্রের খবর, এবারের পরীক্ষা মূলত তিনটি ভাগে বিভক্ত । বর্তমান চতুর্থ সেমিস্টার পরীক্ষায় বসবেন ৬,৩৫,৮৬৪ জন পরীক্ষার্থী। তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবেন ৫৯,৪৪২ জন।
পুরনো পাঠক্রম অনুযায়ী ১৫,৫০৫ জন শিক্ষার্থী পুরনো পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছেন।
বিগত বছরগুলির মতো ছেলেদের তুলনায় পাল্লা ভারী মেয়েদেরই। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ৭৯,৩৪৭ জন বেশি।
বর্তমান চতুর্থ সেমিস্টার এর পরীক্ষার্থী , তৃতীয় সেমিস্টার এর সাপ্লিমেন্টারি ও পুরানো পাঠক্রমের পরীক্ষার্থীদের জন্য আলাদা সময়সূচি অনুযায়ী পরীক্ষা হবে ।চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু সকাল ১০টা থেকে দুপুর ১২টা । তৃতীয় সেমিস্টার সাপ্লিমেন্টারি পরীক্ষা যারা দেবেন তাদের পরীক্ষা শুরু হবে বেলা ১টা থেকে দুপুর ২টা ১৫ মিনিট ।
পুরনো পাঠ্যক্রম এর পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিটে।
মাধ্যমিকের মতো এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল, স্মার্টওয়াচ, ক্যালকুলেটর বা কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। নকল করতে গিয়ে ধরা পড়লে পরীক্ষা বাতিল হতে পারে। মেটাল ডিটেক্টরের মাধ্যমে কড়া তল্লাশি চলবে এবং প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি নজরদারি। প্রশ্নপত্র সংরক্ষণের বিশেষ রুমেও থাকবে নজরদারি।
পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে দেওয়া হবে প্রশ্নপত্র। পরীক্ষার্থীদের অন্তত ১ ঘন্টা আগে আগে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। এবারে পরীক্ষার্থীদের অতিরিক্ত কোনো উত্তরপত্র দেওয়া হবে না। নির্দিষ্ট জায়গার মধ্যে প্রশ্নের উত্তর লিখতে হবে।এবারে পরীক্ষার্থীদের জন্য দ্বিগুণ প্রশ্ন দেওয়া থাকবে , যাদের মধ্যে বেছে নিয়ে উত্তর লেখার সুযোগ থাকবে । উদাহরণ, চারটি প্রশ্ন এর মধ্যে দুটি প্রশ্নের উত্তর লিখলেই হবে।উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে এমসিকিউ ভিত্তিক হলেও চতুর্থ সেমিস্টারের ক্ষেত্রে ব্যাখ্যামূলক উত্তর লিখতে হবে।এবার প্রতিটি পরীক্ষাকক্ষে ২০ জন পরীক্ষার্থীর জন্য অন্তত ২ জন ইনভিজিলেটর থাকবেন। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে সংসদের তরফে একজন করে Council Nominee নিয়োগ করা হয়েছে। প্রশ্নপত্র খোলার ক্ষেত্রেও নির্দিষ্ট ‘Seal Opening Format’ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।প্রশ্নপত্র ও কাপড়ের ব্যাগের রঙেও থাকছে আলাদা চিহ্ন। যেমন, Semester-IV: সাদা রং, Semester-III Supplementary: হলুদ রং, Old System: নীল রং। তিন ধরনের পরীক্ষার্থীদের বসার জন্য আলাদা আলাদা কক্ষের ব্যবস্থা করা হয়েছে।এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাজ্যের ৮২২ টি মেইন ভেন্যু এবং ২১০৩টি সাব ভেন্যুতে হতে চলেছে ।
