আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

অজিত পাওয়ারের মৃত্যুর ঘটনায় বদল মমতার দিল্লি সফর, বৃহস্পতিবার রাজধানী যেতে পারেন মুখ্যমন্ত্রী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপরাষ্ট্রপতি অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মান্তিক ঘটনার জেরেই বুধবার নির্ধারিত নয়াদিল্লি সফর স্থগিত রাখলেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠমহল সূত্রে খবর, পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার রাজধানী সফরে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার মহারাষ্ট্রের বারামতীতে একটি চার্টার্ড বিমান ভেঙে পড়ে। সেই বিমানে থাকা অজিত পাওয়ার-সহ সকলের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তের দাবিও তুলেছেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, বৃহস্পতিবারের সম্ভাব্য দিল্লি সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে যেতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, সিঙ্গুরে জনসভা শেষে বুধবার বিকেলে দিল্লি রওনা দেওয়ার কথা থাকলেও মুখ্যমন্ত্রীর এমন কর্মসূচিতেও পরিবর্তন এসেছে।

প্রসঙ্গত, এসআইআর বিরোধিতায় তৃণমূল কংগ্রেস শুরু থেকেই সরব। ধর্মতলা থেকে জোড়াসাঁকো মিছিলের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েই আন্দোলনকে দিল্লিতে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে যাদবপুর থেকে হাজরা পর্যন্ত মিছিলের শেষেও মুখ্যমন্ত্রী নিজেই দিল্লি যাওয়ার কথা জানান এবং দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রস্তুতির নির্দেশ দেন।

এসআইআর ইস্যুতে ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পাঁচটি চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে তাঁর সম্ভাব্য দিল্লি সফরে এসআইআর নিয়েই কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরও একবার সরব হতে পারেন তিনি বলে মনে করা হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, চলতি মাসেই হুগলির সিঙ্গুরে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরপরই সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাঁদের মতে, সিঙ্গুর থেকেই প্রধানমন্ত্রীকে কড়া রাজনৈতিক বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার পরবর্তী দিল্লি সফর সেই বার্তাকেই জাতীয় স্তরে পৌঁছে দেওয়ার কৌশল।
এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “ভ্যানিশ কুমার তৈরি থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন।” সেই প্রেক্ষাপটে আসন্ন সফরকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *