Weather : উত্তরে ভারী বৃষ্টির লাল সতর্কতা, দক্ষিণে বর্ষনের পূর্বাভাস: কলকাতায় আবহাওয়া কেমন থাকবে ?
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- কয়েকদিন আগেও দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল ছিলেন সাধারণ মানুষ। বৃষ্টির জেরে সেই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি মিলেছে। ভোরের দিকে হালকা ঠান্ডা আবহাওয়া থাকছে, দিনের তাপমাত্রাও আগের তুলনায় কমেছে। কিন্তু একই সময়ে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে তৈরি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
আজ মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। যদিও বৃষ্টির কারণে গরমের তীব্রতা কমেছে, তবুও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা অস্বস্তি পুরোপুরি কাটবে না।আবহাওয়াবিদদের মতে, বুধবার থেকে কলকাতা ও আশপাশের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে যাবে। বিশেষ করে বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়ার পরিবর্তন আরও স্পষ্ট হতে পারে।পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। অন্যান্য জেলাগুলিতে বজ্রপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।
বর্তমান আবহাওয়ার পেছনে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ কারণ। একটি সক্রিয় নিম্নচাপ পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখাও সক্রিয় অবস্থায় রয়েছে। এই দুই আবহাওয়াগত ব্যবস্থার সম্মিলিত প্রভাবেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
উত্তরবঙ্গে বৃষ্টির দাপটে চরম ভোগান্তি
দক্ষিণবঙ্গে যেখানে বৃষ্টি স্বস্তির বার্তা নিয়ে এসেছে, সেখানে উত্তরবঙ্গে একই বৃষ্টি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে টানা বৃষ্টির ফলে একাধিক এলাকায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।আগামী কয়েকদিন বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে শুক্রবার থেকে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি—এই পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা থেকে লাল সতর্কতা জারির ইঙ্গিত দেওয়া হয়েছে।সপ্তাহের শেষদিকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
