Weather : সকালে শীত, রবিবার থেকে বাড়বে পারদ !
কিউ ইন্ডিয়া বাংলা :- সরস্বতী পুজোর পর আজও তাপমাত্রা কিছুটা কমেছে। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা কুয়াশা দেখা যাচ্ছে। তবে রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।
কলকাতা ও আশপাশের এলাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিন ও রাতের তাপমাত্রা মোটের উপর স্বাভাবিক থাকবে। আগামী কয়েকদিন তাপমাত্রায় বড় পরিবর্তন নেই, এক–দু’ডিগ্রির মধ্যেই ওঠানামা করবে। দিনে শীত তেমন থাকবে না, তবে সকাল ও সন্ধ্যায় ঠান্ডা লাগবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আবহাওয়া শুষ্ক থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, পরে আকাশ পরিষ্কার হবে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশি। কলকাতাতেও সকালে কুয়াশা দেখা যেতে পারে। ঘন কুয়াশার কোনও সতর্কতা দক্ষিণবঙ্গে নেই।
অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী তিনদিন ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং ও উত্তর দিনাজপুরে সতর্কতা বেশি। এছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে কুয়াশার প্রভাব থাকবে। সোমবার সকাল পর্যন্ত এই সতর্কতা বজায় থাকবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। অন্যান্য জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যে।
