আজকের দিনেআবহাওয়া

Weather :জানুয়ারিতেও ঝড়বৃষ্টি দিল্লি-এনসিআরে, বাড়ছে শীত ….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- জানুয়ারির মাঝামাঝি সময়েও দিল্লি-এনসিআর এলাকায় আচমকা বদলে গেল আবহাওয়া। শুক্রবার সকালে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হয় রাজধানী ও আশপাশের এলাকায়। সঙ্গে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে দেখা যায়।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সারাদিন আকাশ মেঘলা থাকবে। দিল্লি-এনসিআর ছাড়াও পাঞ্জাব ও হরিয়ানার কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এই কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বিকেলের দিকেও আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।

গতকাল বৃহস্পতিবার দিল্লিতে জানুয়ারির মধ্যে গত সাত বছরের সবচেয়ে উষ্ণ দিন ছিল। সেদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু শুক্রবার সেই তাপমাত্রা এক ধাক্কায় কমে প্রায় ১৯ ডিগ্রিতে নামতে পারে। রাতের তাপমাত্রা থাকতে পারে ১২ ডিগ্রির আশপাশে। বৃষ্টি হলেও বায়ুদূষণের পরিস্থিতি খুব একটা ভালো হয়নি। দিল্লিতে বাতাসের মান এখনও ‘খুব খারাপ’। বৃহস্পতিবার একিউআই ছিল ৩০২। নয়ডায় একিউআই ২৯৩ এবং গুরুগ্রামে ২৭২ দুটো জায়গাতেই বাতাসের অবস্থা খারাপ।

এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু ও উত্তরাখণ্ডেও বৃষ্টি শুরু হয়েছে। উত্তরাখণ্ডের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরকাশী, দেরাদুন, রুদ্রপ্রয়াগ, চামোলি, বাগেশ্বর ও পিথোরাগড় জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *