আজকের দিনেবাংলার আয়না

ডিনারে ডাল-রুটি, লকআপের মেঝেতে কেটেছে উদয়ন গুহর রাত

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,দিনহাটা: ডিনারে বরাদ্দ ছিল শুধুই ডাল আর রুটি। পুলিশ হেফাজতের লকআপের ভিতরে প্রথম রাতটা মেঝেতে শুয়ে-বসেই কাটালেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পুলিশ সূত্রের খবর, প্রথম রাতে তাঁর বিশেষ কোনও আবদার না থাকলেও, লকআপের বদ্ধ পরিবেশে এক রাতেই যেন নাভিশ্বাস উঠে গিয়েছে হেভিওয়েট এই নেতার। তাই ভোর হতে না হতেই লকআপের ভিতরেই ছটফটানি ও পায়চারি করতে শুরু করে দেন তিনি। এদিকে লকআপের ভিতরে যখন প্রাক্তন মন্ত্রীর এই দশা, তখন বাইরে তাঁর বিরুদ্ধে দুর্নীতির একের পর এক বিস্ফোরক অভিযোগ জমা পড়ছে দিনহাটা থানায়।

আবাস যোজনায় কাটমানি! থানায় নয়া অভিযোগ

শুক্রবার আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ এনে দিনহাটা শহরের বাসিন্দা বিজয় সাহা নামে এক ব্যক্তি উদয়ন গুহর বিরুদ্ধে নতুন করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিজয়বাবুর অভিযোগ, “আবাস যোজনায় ঘর পাওয়ার পর আমার কাছ থেকে ২৫ হাজার টাকা নেওয়া হয়েছিল। অথচ আমাকে রশিদ দেওয়া হয়েছিল মাত্র ২০ হাজার টাকার। এতদিন ভয়ে-আতঙ্কে মুখ খুলতে পারিনি, তাই আজ অভিযোগ জানালাম।”

৫৫ জনের তালিকা নিয়ে থানায় সিপিএম

বিজয় সাহার পাশাপাশি এদিন উদয়ন গুহর বিরুদ্ধে কোমর বেঁধে ময়দানে নেমেছে বামেরাও। সিপিএম নেতা শুভ্রালোক দাসের নেতৃত্বে অন্তত ৫৫ জন ভুক্তভোগীর তালিকা ও অকাট্য তথ্যপ্রমাণ দিনহাটা থানায় জমা দেওয়া হয়েছে। সিপিএমের দাবি, উদয়ন গুহ যখন দিনহাটা পুরসভার চেয়ারম্যান ছিলেন, সেই সময় নিয়ম-বহির্ভূতভাবে আবাস যোজনার নাম করে এই ৫৫ জনের কাছ থেকে বেআইনিভাবে বিপুল অর্থ সংগ্রহ বা কাটমানি নিয়েছিলেন। এই সমস্ত ঘটনার যাতে নিরপেক্ষ ও সঠিক তদন্ত হয়, সেই দাবি জানিয়েছে সিপিএম নেতৃত্ব।

উদয়নের স্ত্রীর পাশে বিক্ষুব্ধ বিজেপি নেতা, দীপ্তিমানের বাড়িতে ‘ডিম-হামলা’

এই কঠিন সময়ে পুলিশ হেফাজতে থাকা উদয়নবাবুর পাশে দাঁড়াতে এদিন দিনহাটার বাড়িতে এসে পৌঁছান তাঁর স্ত্রী শাশ্বতী গুহ-সহ পরিবারের কয়েকজন সদস্য। যদিও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন কোনও মন্তব্য করতে চাননি শাশ্বতী দেবী।

তবে শাশ্বতী গুহদের বাড়িতে ফেরার খবর পেয়েই সেখানে সৌজন্যবশত দুপুরের খাবার পৌঁছে দেন বিজেপির বিক্ষুব্ধ নেতা দীপ্তিমান সেনগুপ্ত। আর এই ঘটনা জানাজানি হতেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ক্ষিপ্ত হয়ে বিজেপি কর্মী-সমর্থকরা দীপ্তিমান সেনগুপ্তর বাড়িতে চড়াও হন এবং ব্যাপক হামলা চালান বলে অভিযোগ। দীপ্তিমানবাবুকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং তাঁর বাড়ির সিসিটিভি (CCTV) ক্যামেরাও ভেঙে দেওয়া হয় বলে দাবি। দীপ্তিমানবাবু সরাসরি বিজেপির দিকেই আঙুল তুললেও, স্থানীয় বিজেপি নেতৃত্ব এই হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।

জনরোষ এড়াতে থানাই এখন ‘হাসপাতাল’

এদিকে উদয়ন গুহকে ঘিরে দিনহাটায় যে পরিমাণ রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে, তাতে নতুন কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাধারণ সময়ে হেফাজতকারীদের নিয়মমাফিক হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়। কিন্তু উদয়নবাবুর ক্ষেত্রে জনরোষ বা আইন-শৃঙ্খলার অবনতি এড়াতে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে থানার ভিতরেই প্রতিদিন তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানোর বিশেষ পরিকল্পনা নিয়েছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *