তিলোত্তমাআজকের দিনেগ্রীন রুম

Sir-Manali Dey : এসআইআর বিতর্কে এবার মানালি দে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আর কয়েক মাস পরেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি তুঙ্গে। নথিতে সামান্য ভুল থাকলেও ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে। দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে বৃদ্ধ ও অসুস্থ মানুষদেরও।

এই শুনানির তালিকায় একের পর এক হেভিওয়েটের ডাক পড়ছে। নওশাদ সিদ্দিকীর পর শুনানিতে ডাক পেয়েছেন সিপিআইএম নেতা কলতান দাশগুপ্তও। পরিচিত নাম কবি জয় গোস্বামী, ক্রিকেটার মহম্মদ শামি, প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা, ঘাটালের সাংসদ দেব, এমনকি নোবেলজয়ী অমর্ত্য সেনকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল অভিনেত্রী মানালি দে-র নাম।

আগামী ২৭ জানুয়ারি এসআইআর শুনানিতে ডাকা হয়েছে মানালিকে। জানা গিয়েছে, তাঁর বাবার নাম নিতাই দে। বাংলায় নামের বানান ঠিক থাকলেও ইংরেজিতে বানানে সামান্য ভুল রয়েছে। ‘নিতাই’ লেখার সময় I-এর জায়গায় E বসে গিয়েছে। এই বানান বিভ্রাটের কারণেই মানালিকে শুনানিতে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে।

এক সংবাদমাধ্যমে মানালি দে বলেন, তিনি কসবা বিধানসভা কেন্দ্রের ভোটার। হঠাৎ করে এসআইআর শুনানির ডাক পাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে। কারণ, আচমকা কাজ বাতিল করা অনেক সময় কঠিন হয়ে যায়। তবে ডাক পেলে যেতেই হবে। তাই ২৭ জানুয়ারি তিনি শুনানিতে যাবেন বলেই জানিয়েছেন অভিনেত্রী।

এদিকে এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। শাসক শিবিরের অভিযোগ, ভোটে লড়াইয়ে পেরে না উঠে বিজেপি নির্বাচন কমিশনের মাধ্যমে এসআইআর করাচ্ছে এবং শুনানির নামে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে। যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ভোটার তালিকা পরিষ্কার করতেই এসআইআর করা হচ্ছে, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। তবে নির্বাচন যত এগোচ্ছে, এসআইআর নিয়ে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *