তিলোত্তমা

SIR শুনানিতে ডাক পেলেন নাওশাদ ও তাজমুল হোসেন      

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলাঃ   এবার এসআইআর-এ শুনানির জন্য ডাকা হল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি ও তৃণমূল কংগ্রেসের মালদা জেলার বিধায়ক ও রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনকে। আগামী ২৭ জানুয়ারি নওশাদ সিদ্দিকিকে জাঙ্গিপাড়া বিডিও অফিসে শুনানির জন্য ডাকা হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, তথ্যে অসঙ্গতি রয়েছে আইএসএফ বিধায়কের। অন্যদিকে,হরিশচন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজমুল হোসেন নোটিস পাওয়ার পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে জানান, বিষয়টি একেবারেই অযৌক্তিক ও হয়রানির। আগামী ২৯ জানুয়ারি সকাল ১০.৩০ নাগাদ সংশ্লিষ্ট যাবতীয় তথ্য নিয়ে এসআইআরের শুনানি কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। তাজমুলের বাবার নাম দিদার হোসেন। তাঁর বাবা যাদব পরিবার থেকে আসা একজন ধর্মান্তরিত মুসলিম। তাঁদের আদি বাসস্থান উত্তর প্রদেশ। সেখানে এখনও পুরনো পরিবার বসবাস করে। পুরনো পরিবারের কিছু সদস্য এখনও হিন্দু যাদব। প্রসঙ্গত, তাজমুল রাজ্যের ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ও বস্ত্রবয়ন দপ্তরের প্রতিমন্ত্রী। 

বিষয়ে তাজমুলের দাবি, যে নামের কারণে তাঁকে নোটিস পাঠানো হয়েছে সেই নাম এবং তাঁর বাবার নাম ২০০২ সাল থেকে একই রয়েছে। বর্তমানেও কোনও পরিবর্তন করা হয়নি। তাঁর দাবি, সমস্ত নথিপত্র ঠিক থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন তাঁকে শুনানির নোটিস পাঠিয়েছে। বিষয়টি তিনি অযৌক্তিক ও হয়রানিমূলক বলে ব্যাখ্যা করেছেন। ‌ ক্ষোভ প্রকাশ করলেও মন্ত্রী জানান, আইন ও সাংবিধানিক প্রক্রিয়ায় প্রতি সম্মান জানিয়েই আগামী ২৯ জানুয়ারি নির্ধারিত শুনানিতে তিনি উপস্থিত থাকবেন। পাশাপাশি মন্ত্রীর কাছে এই নোটিস আসার পর মালদা জেলা জুড়েও রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। ২০০৬ সাল থেকে ২০১৬ পর্যন্ত টানা দশ বছরের বিধায়ক তাজমুল হোসেন। ২০২১ সালে তৃণমূলের প্রতীকে জয়লাভ করে রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *