SIRআতঙ্কে মৃত্যু হিঙচিতে
কিউ ইন্ডিয়া বাংলা :- বসন্তিয়ার পর এবার কাঁথির দেশপ্রাণ ব্লকের হিঞ্চি গ্রাম। ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন সংক্রান্ত শুনানির আতঙ্কে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার রাতে সরদা পঞ্চায়েতের হিঞ্চি গ্রামে সাহেলা বিবি (৭১) নামে এক বৃদ্ধা হঠাৎ অসুস্থ হয়ে মারা যান বলে পরিবারের দাবি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সাহেলা বিবির নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল। কিন্তু সম্প্রতি তাঁর এবং তাঁর ছেলে-বৌমার নামে শুনানির নোটিস আসে। বুধবার সেই শুনানির দিন ধার্য ছিল। নোটিস পাওয়ার পর থেকেই তিনি খুব দুশ্চিন্তায় ছিলেন। পরিবারের লোকজনের দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যেতে পারে এই আশঙ্কায় মানসিক চাপে ভুগছিলেন তিনি।
সোমবার রাতে হঠাৎ করে তাঁর বুকে ব্যথা শুরু হয়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতার স্বামী মালুউদ্দিন আলি খান অভিযোগ করেন,“নোটিস পাওয়ার পর থেকেই ও খুব আতঙ্কে ছিল। প্রচণ্ড মানসিক চাপের কারণেই ওর মৃত্যু হয়েছে।”
ঘটনার খবর পেয়ে মৃতার বাড়িতে যান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তরুণ জানা-সহ তৃণমূল নেতৃত্ব। তরুণ জানা বলেন,“বাংলা দখলের জন্য বিজেপি মরিয়া হয়ে উঠেছে। নির্বাচন কমিশনকে হাতিয়ার করে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে। এর ফলেই মানুষের প্রাণ যাচ্ছে।”
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি অসীম মিশ্র বলেন,“বিজেপি নয়, তৃণমূলই ‘এসআইআর’ নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।” এ বিষয়ে কাঁথির এসডিও ধূমাল প্রতীক অশোক বলেন,“মৃত্যুর সঠিক কারণ চিকিৎসকরাই বলতে পারবেন। প্রশাসনের তরফেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এই ঘটনায় এলাকায় নতুন করে উদ্বেগ ও রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
