Shah Rukh Khan-Cinema :বড়দিনে বড় চমক: শাহরুখ খানের ‘কিং’ ২০২৬-এ বড়পর্দায়……
কিউ ইন্ডিয়া বাংলা :- বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান বড় পর্দায় ফিরছেন তিন বছরের বিরতির পর। ২০২৩ সালে পর পর তিনটি ছবি মুক্তি পায়—‘পাঠান’, ‘জওয়ান’, এবং ‘ডাঙ্কি’—তারপর থেকে বড়পর্দায় দেখা মেলেনি তাকে। এখন দীর্ঘ অপেক্ষার পর মুক্তির দিন ঘোষণা করা হলো নতুন অ্যাকশন-ড্রামা ‘কিং’-এর।
শাহরুখের নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ক্রিসমাসে। টিজার প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে সাদা শার্ট আর জিন্স পরে বরফাবৃত পাহাড়চূড়ায় দাঁড়ানো শাহরুখকে। ৪৬ সেকেন্ডের ভিডিওতে শোনা যাচ্ছে তাঁর গর্জনের ধ্বনি—“গর্জন করার জন্য কিং প্রস্তুত।” ভিডিও মুক্তি পাওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় বইছে।
এই ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, খলনায়কের চরিত্রে রয়েছেন অভিষেক বচ্চন, আর বিশেষ আকর্ষণ হিসেবে দেখা যাবে শাহরুখের মেয়ে সুহানা খানকেও।
এর আগে, ২০২৫ সালের ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে মুক্তি পেয়েছিল ছবির শিরোনাম ও টাইটেল রিভিল, যেখানে প্রথমবার দেখা গেছে রুপোলি চুলে অ্যাকশনধর্মী লুকে শাহরুখকে। সঙ্গে ছিল তাঁর জন্য বিশেষভাবে তৈরি থিম সং এবং সংলাপ—“ডর নেহি, দহশত হুঁ।” সেই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল।
‘কিং’-এর প্রযোজনা করেছে রেড চিলিজ এন্টারটেনমেন্ট এবং মারফ্লিক্স পিকচার্স। শীঘ্রই মুক্তি পাওয়ায় ছবিটি ইতিমধ্যেই ২০২৬ সালের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা হিসেবে ধরা হচ্ছে। উৎসবের মরশুমে মুক্তি পেতে চলায় বক্স অফিসেও ছবির বড় সাফল্যের প্রত্যাশা করা হচ্ছে।
