Indonesia: ইন্দোনেশিয়ার পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে খুন, বিমান জ্বালিয়ে দিল বিচ্ছিন্নতাবাদীরা
কিউ ইন্ডিয়া বাংলা- ইন্দোনেশিয়ায় দ্বীপ পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে খুন। জ্বালিয়ে দেওয়া বিমান। শুক্রবার এই তথ্য সামনে এনেছে ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী। দ্বীপ পাপুয়াতে বিচ্ছিন্নতাবাদীদের হামলার শিকার হন ওই পাইলট। নিহত ওই পাইলটের দেহ উদ্ধার করা হয়েছে সেনার তরফে। জানা গেছে, মার্কিন বিমানটি ওই দ্বীপে অবতরণের পরেই হামলা চালায় বিচ্ছিন্নবাদীরা। বিমানে বাকি যাত্রীদের কোনও খোঁজ নেই।
হামলার দায় স্বীকার করেছে পাপুয়ার সশস্ত্র গোষ্ঠী ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির (টিপিএনপিবি)। গোষ্ঠীর মুখপাত্র সেবি সামবম বৃহস্পতিবার জানান, হাইল্যান্ড পাপুয়া প্রদেশের ইয়াহুকিমো অঞ্চলে অবতরণ করেছিল ওই বিমানটি। যার জেরে বিমানটি আগুন ধরিয়ে দেয় তাঁদের সদস্যরা। পাশাপাশি মার্কিন পাইলট নিকোলাস এফ গোসেলিনকে গুলি করে হত্যা করা হয়। এই হামলা আমেরিকা ও ইন্দোনেশিয়া সরকারের উদ্দেশে তাঁদের বার্তা বলে দাবি করা হয়েছে।
পাপুয়া দ্বীপ খনিজ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এই দ্বীপকে স্বাধীন করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে সেখানকার বিদ্রোহীরা। বর্তমানে সেই হামলা আরও ভয়াবহ আকার নিয়েছে। সংগঠনের মুখপাত্র সেবি আরও জানান, ওই বিমানটি ইন্দোনেশিয়ার সেনাবাহিনীকে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার কাজ করছিল। পাশাপাশি টিপিএনপিবি-র সতর্কবার্তা লঙ্ঘন করছিল। ইন্দোনেশিয়ার অসামরিক বিমানগুলি পাপুয়ার রেড জোনে প্রবেশ বন্ধ না হলে এই ধরনের আরও হামলা চালানো হবে। পাপুয়া এই হামলার দায় স্বীকার করে সেখানে নিযুক্ত সামরিক মুখপাত্র উইরিয়া আরতাদিগুনা জানান, মার্কিন পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে ৭ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই পাপুয়ার বাসিন্দা। এদের এখনও খোঁজ মেলেনি। হামলাকারীদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। যাত্রীদের খোঁজ চলছে। জাকার্তার মার্কিন দূতাবাসের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। জানা গেছে, হামলা চালানো এই বিমানটি পিটি এএমএম নামে এক এয়ারলাইন্সের। তাদের এই বিমানগুলি পাপুয়ার দুর্গম গ্রামগুলিকে খাবার, জ্বালানি ও চিঠি বহন করে থাকে।
