বাংলার একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বর্ষা এবার যেন নিজের আসল রূপ দেখাতে শুরু করেছে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের জেরে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। রাস্তাঘাট জলমগ্ন, যান চলাচলে বিঘ্ন, হাসপাতাল চত্বরে জল জমে যাওয়ার মতো পরিস্থিতির মধ্যেই নতুন করে সতর্কবার্তা দিল ভারতীয় আবহাওয়া দফতর (IMD)।
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। বিশেষ করে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গে কোথায় বৃষ্টির সম্ভাবনা
আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর,দক্ষিণ ২৪ পরগনা,বীরভূম,মুর্শিদাবাদ,
কলকাতায় দুপুরের পর থেকে আকাশ মেঘলা থাকবে এবং বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে।
উত্তরবঙ্গে লাল সতর্কতা
উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক। আজ দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি,আলিপুরদুয়ার,কোচবিহার জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আজ শুক্রবার মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়িতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। কোথাও ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে। ফলে পাহাড়ি এলাকায় ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং জল জমার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে,অপ্রয়োজনীয় কারণে বাড়ির বাইরে বের হওয়া এড়িয়ে চলুন।বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান করবেন না।পাহাড়ি এলাকায় ভ্রমণ করলে আবহাওয়ার আপডেট দেখে তবেই রওনা দিন।নদী ও জলাশয়ের কাছাকাছি অযথা ভিড় করবেন না।স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন এবং প্রয়োজনে নিরাপদ স্থানে আশ্রয় নিন।
