বসিরহাট উপনির্বাচন ঘিরে বাড়ছে রাজনৈতিক তৎপরতা, প্রার্থীর খোঁজে বিজেপি
কিউ ইন্ডিয়া বাংলা, বসিরহাট : – বসিরহাট লোকসভা কেন্দ্র দীর্ঘদিন ধরে সাংসদশূন্য থাকায় এলাকায় সাধারণ মানুষের একাংশের অভিযোগ, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় এলাকার বিভিন্ন সমস্যা এবং উন্নয়নের বিষয়গুলি সংসদে সঠিকভাবে তুলে ধরার সুযোগ মিলছে না। এই পরিস্থিতিতে দ্রুত উপনির্বাচনের দাবিতে সরব হয়েছে বিজেপি। দলের মতে, একটি লোকসভা কেন্দ্র দীর্ঘ সময় ধরে প্রতিনিধিহীন থাকা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে কাম্য নয়।
উপনির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি ইতিমধ্যেই সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বসিরহাট সফরে গিয়ে স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন। দলীয় সূত্রের দাবি, ওই বৈঠকে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি নির্বাচনী কৌশল এবং প্রার্থী নির্বাচন নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও প্রার্থীর নাম প্রকাশ্যে আনেনি বিজেপি। দলীয় নেতৃত্বের বক্তব্য, স্থানীয় সংগঠনের মতামত, রাজনৈতিক পরিস্থিতি এবং জনগ্রহণযোগ্যতাকে গুরুত্ব দিয়েই চূড়ান্ত প্রার্থী বেছে নেওয়া হবে।
বিজেপির দাবি, রাজ্যের অন্যান্য শূন্য বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সঙ্গে একই সময়ে বসিরহাট লোকসভা কেন্দ্রেও ভোটগ্রহণ করা উচিত। দলের মুখপাত্র দেবজিৎ সরকারের বক্তব্য, দীর্ঘদিন সাংসদ না থাকায় এলাকার মানুষের সমস্যাগুলি জাতীয় স্তরে তুলে ধরার ক্ষেত্রে বড় শূন্যতা তৈরি হয়েছে। তাই নির্বাচন কমিশনের দ্রুত উপনির্বাচনের দিন ঘোষণা করা প্রয়োজন বলে তাদের মত।নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
