আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Pension-DR : পেনশন ভোগীদের বকেয়া ডিআর দিতে শুরু করল রাজ্য সরকার, পাবেন মৃত কর্মীর উত্তরাধিকারীও !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর। ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ত্রাণ (ডিআর) দেওয়া শুরু করল নবান্ন।

নবান্নের অর্থ দফতর সূত্রে খবর, গত শুক্রবার থেকেই রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিআর-এর টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ২৯ মে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ২০০৮ সালের এপ্রিল মাস থেকে ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি কর্মচারীদের ডিআর বাবদ যে টাকা বকেয়া রয়েছে, আপাতত সেই অংশই মেটানো হচ্ছে।

এতদিন বকেয়া টাকা বিতরণের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছিল মৃত পেনশনভোগীদের নিয়ে। সরকারি পর্যবেক্ষণে দেখা গেছে, বহু ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মী বা পেনশনভোগী ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন। ফলে অর্থপ্রদানের ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হচ্ছিল। সেই জট কাটাতে আগেই নতুন গাইডলাইন চালু করেছিল অর্থ দফতর। এবার সেই গাইডলাইন মেনেই টাকা দেওয়া শুরু হল।

নতুন নিয়ম অনুযায়ী, ডিআর বকেয়ার ক্ষেত্রে যদি মনোনীত ব্যক্তির নাম সংশ্লিষ্ট দফতরে নথিভুক্ত থাকে, তাহলে সেই মনোনীত ব্যক্তিকেই সরাসরি অর্থ প্রদান করা হবে। যদি বর্তমান পারিবারিক পেনশনভোগী ও মনোনীত ব্যক্তি একই হন, তবে আলাদা করে আবেদনের দরকার নেই। সরাসরি তাঁর অ্যাকাউন্টেই বকেয়া টাকা পাঠিয়ে দেওয়া হবে।

অন্যদিকে, যদি কোনও কর্মী মনোনীত ব্যক্তির নাম নথিভুক্ত করে না যান, সেক্ষেত্রে তাঁর আইনগত উত্তরাধিকারীদের প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। জেলা ট্রেজারি বা পেনশন ডিসবার্সমেন্ট অফিসে উত্তরাধিকার সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট সহ অন্যান্য কাগজ জমা দিলে যাচাইয়ের পর টাকা পাবেন তাঁরা।

প্রসঙ্গত, রাজ্য সরকার ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়াও শুরু করেছে। ডিএ-র পর এবার ডিআর-এর বকেয়া মেটানোর কাজ শুরু হওয়ায় রাজ্যের লক্ষাধিক পেনশনভোগী উপকৃত হবেন।

দীর্ঘদিনের বকেয়া ডিআর পাওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় স্বস্তিতে রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মী ও তাঁদের পরিবার। মৃত কর্মীদের পরিবারও এবার বকেয়া টাকা পাওয়ায় খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *