টানা বর্ষণে ডুবছে মুম্বই,কমলা সতর্কতায় মুম্বই-সহ ৫ জেলা
কিউ ইন্ডিয়া বাংলা, মুম্বই :- বর্ষার দাপটে আবারও নাজেহাল বাণিজ্য নগরী মুম্বই। গত কয়েকদিনের একটানা ভারী বৃষ্টিতে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তাঘাট থেকে রেলপথ সব ক্ষেত্রেই দেখা দিয়েছে ব্যাপক বিপর্যয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেকের মনেই ফিরে আসছে ২০০৫ সালের ভয়াবহ বন্যার স্মৃতি,যখন প্রবল বর্ষণে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা শহর।
মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের ফলে মুম্বই ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে জল জমতে শুরু করেছে। কল্যাণ, ডোম্বিভলি, কারজাত এবং নেরাল অঞ্চলে অতি ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে। শহরের বিভিন্ন নীচু এলাকায় জল জমে যাওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অফিসগামীদের দুর্ভোগ বেড়েছে, কারণ বহু গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে যান চলাচল বাধাগ্রস্ত হয়েছে।
সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছে পরিবহণ ব্যবস্থা। আন্ধেরির একটি গুরুত্বপূর্ণ আন্ডারপাস জলমগ্ন হয়ে পড়ায় তা বন্ধ রাখতে হয়েছে। ফলে বিকল্প রাস্তা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন যানবাহন চালকেরা, যার জেরে শহরের বিভিন্ন অংশে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। একইসঙ্গে রেল পরিষেবাতেও বড়সড় প্রভাব পড়েছে। রেললাইনের তলার মাটি ক্ষয়ে যাওয়ায় ট্রান্স-হারবার লাইনে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে, যা যাত্রীদের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে।
শুধু মুম্বই নয়, থানে-সহ আশপাশের জেলাগুলিতেও আবহাওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে মুম্বই, থানে, রায়গড়, পালঘর এবং সিন্ধুদুর্গ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জল নিষ্কাশনের কাজ জোরকদমে চালানো হলেও অবিরাম বৃষ্টির কারণে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে। নাগরিকদের বাইরে বেরোনো থেকে বিরত থাকার এবং জল জমা এলাকাগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
