আজকের দিনেখেলা

চেন্নাইয়ন এফসির বিরুদ্ধে আজ লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মোহনবাগান

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ইন্ডিয়ান সুপার লিগ (ISL) এবারের আসরে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মোহনবাগান । সল্টলেক বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আজকের ম্যাচ শুরু। গত ম্যাচে কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে ২ গোলে জিতেছিল মোহনবাগান , আজকের চেন্নাইয়ন ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় সবুজ মেরুন শিবির। কোচ সার্জিও লোবেরা এই ম্যাচে বড় ব্যবধানে জিততে চান ।

ম্যাচের আগের দিন রবিবার ২২ শে ফেব্রুয়ারি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘এ বারের লিগ আলাদা। ম্যাচ কম, সুযোগও কম। তাই পয়েন্ট হারানো মানে অনেকটা পিছিয়ে পড়া। শুধু তিন পয়েন্ট নয়, গোলের দিকেও নজর রাখতে হবে।’ অর্থাৎ, এই মরশুমে মোহনবাগান শুধু ফলাফল নয়, প্রতি ম্যাচে আধিপত্য বজায় রেখে জিততে চায় । কোচের কথায় স্পষ্ট পুরো টুর্নামেন্টে আক্রমণাত্বক ভঙ্গিতে খেলবে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান। প্রতিপক্ষ চেন্নাইয়ন এফসিকে তিনি হালকাভাবে নিচ্ছেন না । মুম্বাইয়ের কাছে গত ম্যাচে ১ গোলে হারলেও তারা দুর্দান্ত লড়াই করেছে। যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে তারা । চেন্নাইয়ন এফসিতে ভালো মানের দেশি ও বিদেশি ফুটবলার আছে। বেশ কয়েকজন ফুটবলার আছে যাদের কলকাতার মাঠ হাতের তালুর মত চেনা । যাঁদের মধ্যে অঙ্কিত মুখোপাধ্য়ায়, প্রীতম কোটালের মত কলকাতায় একসময় দাপিয়ে খেলে যাওয়া ফুটবলাররাও রয়েছেন ৷ এরমধ্যে প্রীতম অতীতে মোহনবাগানকে আইএসএল জয়ে নেতৃত্ব দিয়েছেন ।

আজকের ম্যাচে কোচ লোবেরা দলটা যেভাবে সাজাতে পারেন ,লেফট ব্যাকে শুভাশিস , স্টপারে মেহতাব, আলবার্তো, রাইট ব্যাক অভিষেক, রাইট আউটে লিস্টন, মাঝে আপুইয়া, থাপা, লেফটে রবসন, ডিপে দিমি, উপরে ম্যাকলারেন ।

প্রসঙ্গত, এ বারের ইন্ডিয়ান সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-কে প্রায় আটকেই দিয়েছিল চেন্নাইয়ন। কিন্তু প্রীতম কোটালের আত্মঘাতী গোলে তারা ম্যাচটি হেরে যায়। রবিবার সাংবাদিক সম্মেলনে দলের কোচ ক্লিফোর্ড মিরান্ডা বলেন, ‘মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে আমরা ভালো ভাবেই বল দখলে রাখতে পেরেছিলাম এবং আক্রমণও তৈরি করেছিলাম। একেবারে পরিষ্কার গোলের সুযোগ না হলেও, আমরা সুযোগ তৈরি করেছি। কিন্তু শেষ মুহূর্তের কাজটাই সব সময় সবচেয়ে কঠিন। সেই জায়গাটায় আমাদের আরও উন্নতি করতে হবে। মরশুম এগোতে থাকলে আশা করি আমরা সেই দিকটা আরও ভালো ভাবে সামলাতে পারব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *