আজকের দিনেবাংলার আয়না

৫ এপ্রিল থেকে বঙ্গে মোদির প্রচার শুরু!

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: দীর্ঘ ১২ দিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলা সফরের দিনক্ষণ। আগামী ৫ এপ্রিল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে এবারের বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু করতে চলেছেন তিনি। গত ১৪ মার্চ ব্রিগেডের সভার পর এটিই হবে রাজ্যে প্রধানমন্ত্রীর প্রথম নির্বাচনী জনসভা। রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গ বর্তমানে বিজেপির অন্যতম শক্তিশালী ঘাঁটি। ২০১৯-এর লোকসভা থেকে শুরু করে ২০২৪-এর সাধারণ নির্বাচন—প্রতিবারই উত্তরবঙ্গের মানুষ পদ্মশিবিরকে দু’হাত ভরে আশীর্বাদ করেছেন। তাই জয়ের ধারা বজায় রাখতে মোদি তাঁর প্রচারের শুভারম্ভের জন্য উত্তরবঙ্গকেই বেছে নিয়েছেন।  আগামী ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল—এই দুই দফায় রাজ্যে ভোট হবে। প্রথম দফাতেই উত্তরবঙ্গের আসনগুলিতে ভোটগ্রহণ। তাই সময় নষ্ট না করে ৫ এপ্রিল থেকেই ময়দানে নামছেন প্রধানমন্ত্রী। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই মোদির সফর নিয়ে নানা জল্পনা ছিল। বঙ্গ বিজেপির একটি অংশ চেয়েছিল প্রধানমন্ত্রী রামনবমীর পুণ্য তিথিতে প্রচার শুরু করুন। আবার মার্চের শেষ সপ্তাহেও তাঁর আসার কথা উঠেছিল। অবশেষে সমস্ত জল্পনা উড়িয়ে ৫ এপ্রিলের দিনটি চূড়ান্ত করল বিজেপি নেতৃত্ব।

প্রধানমন্ত্রীর সফরের আগেই শুক্রবার রাতে বাংলায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপির তৈরি করা ‘চার্জশিট’ প্রকাশ করবেন। নির্বাচনের মুখে শাসক দলের দুর্নীতির খতিয়ান তুলে ধরে ভোটারদের মন জয় করাই শাহের এই সফরের মূল লক্ষ্য। ৫ এপ্রিল আলিপুরদুয়ারের জনসভা থেকে প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে কী সুর চড়ান, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *