আজকের দিনেতিলোত্তমাভারত

রাজ্যসভায় মেনকা গুরুস্বামী, ভারতের রাজনীতিতে প্রথম সমকামী সাংসদ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ভারতীয় রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে দেশ। এই প্রথমবার রাজ্যসভায় যেতে পারেন একজন প্রকাশ্যে সমকামী সাংসদ। বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী-কে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের এই সিদ্ধান্তে জাতীয় রাজনীতিতে নতুন ইতিহাস রচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

মেনকার বাবা মোহন গুরুস্বামী বিজেপির প্রাক্তন কৌশলী হিসেবে পরিচিত। তিনি অটলবিহারী বাজপেয়ী-র সরকারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা-র বিশেষ উপদেষ্টা ছিলেন। পরবর্তীকালে যশবন্ত সিনহা ২০২১ সালে তৃণমূলে যোগ দেন। পারিবারিক রাজনৈতিক পটভূমি থাকলেও, নিজের জীবন ও পেশাগত পথে বরাবরই স্বাধীন অবস্থান নিয়েছেন মেনকা।

ছাত্রীজীবন থেকেই অত্যন্ত মেধাবী মেনকা দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি-এ পড়াশোনা করেন। পরবর্তীতে বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-এও উচ্চশিক্ষা লাভ করেন। একাধিক গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে জোরালো সওয়াল করে নজর কেড়েছেন তিনি।

ছত্তিশগড়ে মাওবাদী দমনে গঠিত ‘সলওয়া জুড়ুম’-এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মেনকা। মণিপুরে সেনাবাহিনীর বিরুদ্ধে ওঠা ভুয়ো এনকাউন্টার সংক্রান্ত মামলায় তিনি ‘অ্যামিকাস কিউরি’ হিসেবে দায়িত্ব পালন করেন। বহুল চর্চিত অগস্ত ওয়েস্টল্যান্ড ভিভিআইপি হেলিকপ্টার দুর্নীতি মামলায় প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগীর আইনজীবী হিসেবেও তিনি কাজ করেছেন।
তবে জাতীয় স্তরে সবচেয়ে বেশি আলোচনায় আসেন ২০১৮ সালে। সমকামীদের অধিকার রক্ষায় ঐতিহাসিক মামলায় তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করেন। শেষ পর্যন্ত ৩৭৭ ধারা বাতিল করে সুপ্রিম কোর্ট রায় দেয়, যার ফলে ভারতে সমকামিতা অপরাধমুক্ত হয়। এই রায়কে তিনি ব্যক্তিগত এবং সামাজিক দুই ক্ষেত্রেই বড় জয় বলে উল্লেখ করেছিলেন।

সম্প্রতি তৃণমূলের দায়ের করা আইপ্যাক সংক্রান্ত মামলায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়-র হয়ে সওয়াল করেন। শুনানির সময় অ্যাডিশনাল সলিসিটার জেনারেল এসভি রাজুর সঙ্গে তাঁর বাকবিতণ্ডা নিয়েও রাজনৈতিক মহলে কম চর্চা হয়নি।
সমকামী অধিকার আন্দোলনের সময় থেকেই মেনকা জনপরিচিত মুখ। তাঁর দীর্ঘদিনের সঙ্গী অরুন্ধতী কাটজু। ২০১৯ সালে তাঁরা প্রকাশ্যে সমকামী যুগল হিসেবে সামনে আসেন এবং ৩৭৭ ধারা বাতিলের রায়কে নিজেদের জীবনেরও বড় স্বীকৃতি হিসেবে দেখেন।

এবার সেই মেনকা গুরুস্বামীই রাজ্যসভায় মনোনয়ন পেয়েছেন। জয়ী হলে তিনিই হবেন ভারতের প্রথম প্রকাশ্যে সমকামী সাংসদ যা নিঃসন্দেহে ভারতীয় গণতন্ত্রের অন্তর্ভুক্তিমূলক চরিত্রকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *