ছাব্বিশের ভোটে একগুচ্ছ চমক দিয়ে বামেদের ইস্তেহার প্রকাশ
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের মহারণের আগে কোমর বেঁধে ময়দানে নামল বামফ্রন্ট। শনিবার আলিমুদ্দিন স্ট্রিট থেকে প্রকাশিত হলো বামেদের নির্বাচনী ইস্তেহার। ‘বিকল্প’ শাসনের প্রতিশ্রুতি দিয়ে এদিন মোট ২২টি দফার কথা উল্লেখ করা হয়েছে। যেখানে একদিকে যেমন কর্মসংস্থানে জোর দেওয়া হয়েছে, অন্যদিকে সাধারণ মানুষের পকেটে স্বস্তি দিতে বিনামূল্যে বিদ্যুৎ ও বর্ধিত ভাতার টোপ দেওয়া হয়েছে।
বামেদের এবারের ইস্তেহারে সবচেয়ে বড় চমক হলো বিদ্যুৎ পরিষেবা। প্রতিশ্রুতি অনুযায়ী:
-
বিনামূল্যে বিদ্যুৎ: যাঁরা আয়করদাতা নন, তাঁদের জন্য প্রথম ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ মিলবে সম্পূর্ণ বিনামূল্যে।
-
ভর্তুকি: পরবর্তী ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম নেওয়া হবে অর্ধেক।
-
বার্ধক্য ভাতা: প্রবীণ নাগরিকদের জন্য মাসে ৬ হাজার টাকা বার্ধক্য ভাতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
-
ভাতা বজায়: বর্তমান সরকার যে সামাজিক ভাতাগুলি দিচ্ছে, বামেরা ক্ষমতায় এলে তা বন্ধ হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে।
কর্মসংস্থান ও নারী সুরক্ষা
বেকারত্ব ঘোচাতে বামফ্রন্টের ইস্তেহারে বিশেষ নজর দেওয়া হয়েছে। জানানো হয়েছে:
-
প্রতিটি পরিবারের অন্তত একজনের জন্য স্থায়ী চাকরির ব্যবস্থা করা হবে।
-
আগামী ৫ বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ করা হবে।
-
স্বচ্ছতার সঙ্গে প্রতি বছর SSC ও PSC পরীক্ষা নেওয়া হবে।
-
‘অভয়া’ আবেগকে হাতিয়ার করে নারী সুরক্ষায় বিশেষ ‘অভয়া বাহিনী’ গড়ে তোলার অঙ্গীকার করেছে বামফ্রন্ট।
‘ইভিএম ও ভোটার তালিকা’ নিয়ে বিস্ফোরক বিমান
ইস্তেহার প্রকাশ করতে গিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বর্তমান পরিস্থিতির কড়া সমালোচনা করেন। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন কমিশন যা করছে তা অন্যায়। শুধু মুসলিম নয়, অনেক হিন্দু ভোটারের নামও পরিকল্পিতভাবে কাটা হয়েছে। মোথাবাড়ি ও কালিয়াচকের ঘটনায় আমরা গভীর সন্দেহের গন্ধ পাচ্ছি।”
বিজেপি ও আরএসএস-এর বিভেদের রাজনীতির পাল্টা হিসেবে বামপন্থীরাই একমাত্র বিকল্প বলে দাবি করেন তিনি। রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের সামাজিক ভাতার পাল্টায় বিদ্যুতের মাশুল মকুব ও বর্ধিত ভাতার প্রতিশ্রুতি দিয়ে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ভোটারদের মন জয় করাই এখন বামেদের প্রধান লক্ষ্য।
