বিশ্বকাপ থেকে বিদায়ের পরেও কলকাতায় আটকে জেসন হোল্ডার- শাই হোপরা !
কিউ ইন্ডিয়া বাংলা :- কলকাতার ইডেন গার্ডেনে ভারতের কাছে সুপার এইটের ম্যাচে হেরে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ । কিন্তু সেখানেও ক্রিকেটারদের বিষন্নতা শেষ হচ্ছে না। নিজের বাড়ি ফেরা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন শাই হোপ ,রোমারিও শেফার্ডেরা । বর্তমানে কলকাতাতেই আটকে রয়েছে গোটা দল।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির কারণে বিমান পরিষেবা ব্যাহত । গোটা বিশ্বজুড়ে প্রচুর সংখ্যক বিমান বাতিল করতে হয়েছে। এর ফলে সারা বিশ্বের অনেক নাগরিকের মত ভোগান্তিতে পড়ল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলও । কলকাতা ছেড়ে বেরোতে পারলেন না ক্যারিবিয়ান তারকারা । ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর পর থেকে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে পশ্চিম এশিয়ার দেশ গুলিতে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযানে নিহত হয়েছেন ইরানের শীর্ষ নেতা। ইরানও পাল্টা হামলা করেছে সংযুক্ত আরব আমিরশাহী , সৌদি আরব এর একাধিক জায়গায় । এই পরিস্থিতিতে দুবাই, কুয়েত লেবানন ,বাহরিন ও জর্ডনের আকাশসীমা বন্ধ রাখা হয়েছে । এই জনে রয়েছে পৃথিবীর ব্যস্ততম তিনটি বিমানবন্দর । দোহা ও দুবাই এয়ারপোর্ট পুরোপুরি বন্ধ রয়েছে ।আর সেই বিমান পরিষেবা বিভ্রাটের কারণেই কলকাতাতেই আটকে রইলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা । সূত্রের খবর বাইপাসের ঘাড়ে টিম হোটেলেই রয়েছেন শাই হোপ – গুদাকেশ মোতিরা।
ক্রিকেটারদের বাড়ি ফেরানো নিয়ে আইসিসির প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় আলোচনা চলছে । যদি কোন বিকল্প রুটের বন্দোবস্ত করা যায় । তবে এখনো পর্যন্ত যা খবর কোন বিকল্প ব্যবস্থা করা যায়নি । একই কারণে দিল্লিতে আটকে রয়েছে জিম্বাবোয়ে ক্রিকেট দল।
