টানা তিনবার বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ ইতালি
কিউ ইন্ডিয়া বাংলা :-২০১৮-তে বাঁধা হয়েছিল সুইডেন। ২০২২-এ উত্তর ম্যাসিডোনিয়া। চার বছর পরে ২০২৬ এ বসনিয়া-হার্জেগোভিনা। বছরের খরা কাটাতে পারল না ইতালি। আসন্ন FIFA ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ ইতালি। মঙ্গলবার রাতে বিশ্বকাপে কোয়ালিফায়ারের প্লে-অফের ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার বিরুদ্ধে হেরে ছিটকে গেল ইতালি। টাইব্রেকারে ১-৪ গোলে হেরে গেল তারা। এই নিয়ে টানা তিনবার ফুটবল বিশ্বকাপে খেলার টিকিট পেল না আন্দ্রে পিরলো দের দেশ । শেষবার ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ফুটবল বিশ্বকাপে অংশ নিয়েছিল ইতালি।
বসনিয়ার ঘরের মাঠ জেনিকার বিলিনো পোলজে স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে শুরুটা ভালো করেছিল ইতালি। প্রথমার্ধে ১৫ মিনিটের মধ্যে লিড নেয় তারা। নিকো বারেলার পাস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশ করেন ময়েস কিন। ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিয়েছিল ইতালি। কিন্তু ছন্দপতন হয় ৪২ মিনিটে। বসনিয়ার অ্যাটাকারকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ইতালির তারকা ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি । ১০ জনের ইতালিকে পেয়ে দ্বিতীয়ার্ধে আক্রমণের চাপ বাড়ায় বসনিয়া-হার্জেগোভিনা। সেটার ফল তারা পায় ম্যাচের ৭৯ মিনিটে। ডান প্রান্ত থেকে এডিন জেকোর বক্সে রাখা ক্রসে হেড দিয়ে বসনিয়াকে সমতায় ফেরান হ্যারিস তাবাকোভিচ। এর পরে গিয়ানলুইগি দোনারুমা দু’টি নিশ্চিত গোল না বাঁচালে আগেই বিদায় নিশ্চিত ছিল ইতালির।
এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে । সেখানে দুই দল আক্রমণ করলেও কেউই লিড বাড়াতে পারেনি । শেষমেষ ট্রাইবেকারে ম্যাচ টি জিতে বিশ্বকাপের টিকিট পাকা করে বসনিয়া হার্জেগোভিনা। স্বাধীনতা অর্জনের পর এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপে খেলার সুযোগ পেল তারা। ২০১৪ সালের বিশ্বকাপে কারা প্রথমবার যোগ্যতা অর্জন করেছিল । আবার একবার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হল একসময়ের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।
