আজকের দিনেভারত

তৃতীয় সন্তান হলেই মিলবে ২৫ হাজার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-জন্মহার বাড়াতে দেশে প্রথম এই ধরনের জনসংখ্যা নীতি আনার কথা ভাবছে অন্ধ্রপ্রদেশ সরকার । নতুন নীতি অনুযায়ী, দুইয়ের বেশি সন্তান হলেই একাধিক সুবিধা দেওয়া হবে দম্পতিদের। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর ইঙ্গিত, তৃতীয় সন্তান হলেই দম্পতিকে ২৫ হাজার টাকা করে দেবে অন্ধ্রপ্রদেশ সরকার। এছাড়াও আরও বেশ কিছু ক্ষেত্রে ছাড়ার কথা ভাবা হয়েছে। দেশে যখন দুই সন্তান নীতি কার্যকর করার দাবি উঠছে তখনই এই ধরনের ঘোষণা কিছুটা অবাক করছে সকলকে।

ভারতে প্রথম এই ধরনের জনসংখ্যা নীতি আনার কথা ভাবছে অন্ধ্র সরকার। ওই নীতি অনুযায়ী, দুইয়ের বেশি সন্তান হলেই রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক সুবিধা দেওয়া হবে দম্পতিদের। তৃতীয় সন্তানের জন্মের সময় এককালীন দেওয়া হবে ২৫ হাজার টাকা। এখানেই সুবিধার শেষ নয় এরপর, ১৮ বছর বয়স পর্যন্ত তৃতীয় সন্তানের শিক্ষার সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। যে সকল দম্পতি তিনটি সন্তান নেবেন, তাঁদের কর্মক্ষেত্রে বিশেষ ছুটি দেওয়া হবে। এছাড়াও কম খরচে আইভিএফ-সহ অন্যান্য চিকিৎসা সংক্রান্ত সহায়তা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে।
প্রসঙ্গত , ভারতের জনসংখ্যা যখন হু হু করে বাড়ছিল, সেসময় দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে কড়াভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল প্রশাসন। প্রচেষ্টায় সাফল্য এসেছে। দক্ষিণের অধিকাংশ রাজ্যে জন্মের হার এই মুহূর্তে জাতীয় গড়ের তুলনায় অনেকটাই কম। অন্ধ্রপ্রদেশও ব্যতিক্রম নয়। বর্তমানে গোটা দেশে মহিলাপিছু প্রসবের হার ২.১১। সেখানে অন্ধ্রে মহিলাপিছু প্রসবের হার ১.৫। এরই মধ্যে অন্ধ্র সরকারের পক্ষ থেকে এই ধরনের ঘোষণা করা হল । এর সমর্থনে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন রাজ্যের জন্মহার এখনই বাড়ানো উচিত। জন্ম নিয়ন্ত্রণ করতে গিয়ে জাপান, কোরিয়ার মতো দেশগুলি সমস্যায় পড়েছে। কারণ সেদেশে মানুষের আয়ু বাড়লেও, জন্মের হার সমানুপাতিকভাবে বাড়েনি। ফলে দেশের বৃদ্ধের সংখ্যা বেড়েছে, কমেছে তারুণ্য। যার প্রভাব পড়েছে সরাসরি দেশের অর্থনীতিতে।

ইতিমধ্যে এই আইনের খসড়া তৈরি হয়ে গিয়েছে। চলতি মার্চ মাসের মধ্যেই এই খসড়া চূড়ান্ত হয়ে যাবে। এপ্রিল থেকেই কার্যকর হয়ে যাবে নয়া তিন সন্তান নীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *