Vietnam: ভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবি, মৃত্যু ১৫ ভারতীয় পর্যটকের, শোকজ্ঞাপন মোদীর
কিউ ইন্ডিয়া বাংলা- ভিয়েতনামের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফু কুয়ক (Phu Quoc) দ্বীপের কাছে ভয়াবহ নৌকাদুর্ঘটনায় অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার দ্বীপ ভ্রমণ শেষে ফেরার পথে একটি স্পিডবোট উল্টে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, স্পিডবোটটিতে ৩২ জন ভারতীয় পর্যটক এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন। হোন মে রুট ন্গোয়াই (Hon May Rut Ngoai) দ্বীপ থেকে ফেরার সময় উপকূল থেকে প্রায় ৪০০ মিটার দূরে নৌকাটি উল্টে যায়। দুর্ঘটনার পর অনেক যাত্রী নৌকার ভেতরে আটকে পড়েন, ফলে উদ্ধারকাজ আরও কঠিন হয়ে ওঠে।
দুর্ঘটনার পর আশপাশের নৌযানগুলো প্রথমে উদ্ধারকাজে এগিয়ে আসে। পরে ভিয়েতনামের নৌবাহিনী, কোস্ট গার্ড, সীমান্তরক্ষী বাহিনী এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থার সদস্যরা যৌথভাবে অভিযান শুরু করেন। এখন পর্যন্ত ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের চিকিৎসা চলছে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহত পর্যটকেরা একটি বেসরকারি সংস্থার বার্ষিক সম্মেলনে অংশ নিতে ভিয়েতনাম গিয়েছিলেন। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। স্পিডবোটটি কেন উল্টে গেল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ভিয়েতনামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাসও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া যাত্রীদের সহায়তা এবং নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষার কাজ শুরু করেছে।
