HOCKEY : স্বপ্নভঙ্গ ভারতের! আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হরমনপ্রীতরা, হকি বিশ্বকাপ থেকে বিদায়
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- আরও একবার হকি বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন ভঙ্গ হলো ভারতের (HOCKEY) । সোমবার নেদারল্যান্ডসের ওয়াগনার স্টেডিয়ামে মরণ-বাঁচন ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হেরে বিদায় নিল হরমনপ্রীত সিংহের দল।
ম্যাচের আগে অঙ্কটা ছিল সোজা। সেমিফাইনালের আশা বাঁচাতে আর্জেন্টিনাকে অন্তত দু’গোলের ব্যবধানে হারাতেই হতো ভারতকে (HOCKEY) । কিন্তু শুরুতেই ধাক্কা। ম্যাচের ৩৯ সেকেন্ডে বাঁ দিক থেকে ভারতের রক্ষণ ভেদ করে গোল করেন আর্জেন্টিনার জোয়াকিন তোস্কানি। ৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান নিকোলাস দে লা তোরে। তিন মিনিট পর একটি গোল শোধ করেন সুখজিৎ সিংহ।
দ্বিতীয় কোয়ার্টারে হরমনপ্রীত সহজ সুযোগ নষ্ট করেন, পাসিংয়েও বোঝাপড়ার অভাব স্পষ্ট ছিল (HOCKEY)। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই ফের ধাক্কা, ডি বক্সের ভেতর থেকে গোল করেন টমাস দোমেন। কোয়ার্টারের শেষ মুহূর্তে পেনাল্টি স্ট্রোক থেকে নিজের দ্বিতীয় গোল করেন দোমেন। চতুর্থ কোয়ার্টারে রিভার্স স্টিকে নিজের দ্বিতীয় গোল করেন তোস্কানি, ফল ৫-১। শেষ দিকে ব্যবধান কমান সুখজিৎ এবং শেষ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন হার্দিক সিংহ।
এই হারের ফলে গ্রুপে চতুর্থ স্থানেই শেষ করতে হচ্ছে ভারতকে। সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়ে এবার পঞ্চম-ষষ্ঠ স্থানের লড়াইয়ে নামতে হবে ভারতীয় দলকে।
