HAND OF GOD : প্রত্যাশা মতো দাম উঠল না! ৩২ কোটি টাকায় বিক্রি হল মারাদোনার ‘হ্যান্ড অফ গডে’র ঐতিহাসিক বল
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে মারাদোনার বিতর্কিত ‘হ্যান্ড অফ গড’ (HAND OF GOD) গোলের বলটি নিলামে উঠল ৩৩ লক্ষ ৫৫ হাজার ডলারে, ভারতীয় মুদ্রায় প্রায় ৩২ কোটি ৬১ লক্ষ টাকা। তবে নিলাম সংস্থার প্রত্যাশা ছিল ১ কোটি ডলারের।
টেক্সাসের হেরিটেজ অকশনস বলটি নিলাম করে (HAND OF GOD)। অ্যাডিডাস আজতেকা মডেলের এই বলটি এতদিন ছিল তিউনিসিয়ান রেফারি আলি বিন নাসেরের কাছে, যিনি সেই ম্যাচ পরিচালনা করেছিলেন। এর আগে ২০২২ সালে বলটি ২৩ লক্ষ ৭০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।
১৯৮৬-র কোয়ার্টার ফাইনালে ৫১ মিনিটে গোলকিপার পিটার শিলটনকে বোকা বানিয়ে বাঁ হাত দিয়ে গোল করেন মারাদোনা। রেফারি বুঝতে না পেরে গোল দিয়ে দেন (HAND OF GOD) । পরে মারাদোনা বলেছিলেন, এটি তাঁর মাথা আর ‘ঈশ্বরের হাতের’ মিশ্রণ। তার চার মিনিট পরেই ৬ জন ইংরেজ ফুটবলারকে কাটিয়ে শতাব্দীর সেরা গোলটিও করেন তিনি। ম্যাচটি আর্জেন্টিনা জেতে ২-১ গোলে।
উল্লেখ্য, ২০২২ সালে ওই ম্যাচে পরা মারাদোনার জার্সি বিক্রি হয়েছিল প্রায় ৯০ কোটি টাকায়। তার তুলনায় এবার বলটির দাম অনেকটাই কম উঠেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইতিহাস ও বিতর্ক জড়িয়ে থাকলেও প্রত্যাশিত দাম না পাওয়ায় কিছুটা হতাশ নিলাম সংস্থা। তবে চার দশক পরেও ‘হ্যান্ড অফ গড’ যে ফুটবল ইতিহাসের অন্যতম চর্চিত অধ্যায়, তা ফের প্রমাণিত হল।
