আজকের দিনেতিলোত্তমা

সাউথ কলকাতার বহুতলে আগুন, রক্ষা পেলেন সাহেব চট্টোপাধ্যায় সহ আবাসিকরা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- দক্ষিণ কলকাতার সার্দান এভিনিউয়ের ‘আনন্দ’ বহুতলে মঙ্গলবার আচমকাই আগুন লাগার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ওই আবাসনেই থাকেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। দুপুরের দিকে হঠাৎই আবাসনের একটি অংশ থেকে পোড়া গন্ধ বেরোতে শুরু করে। প্রথমে বিষয়টি ঠিক বুঝে উঠতে না পারলেও মুহূর্তের মধ্যেই বাসিন্দারা আঁচ করতে পারেন যে কোথাও আগুন লেগেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের তিনটি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয়। দমকলকর্মীদের দ্রুত পদক্ষেপে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। আবাসনের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এমনকি বিভিন্ন ফ্ল্যাটে থাকা পোষ্যদেরও সুরক্ষিতভাবে বাইরে নিয়ে আসা হয়েছে বলে জানা যাচ্ছে।

কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে অগ্নিকাণ্ড,তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দমকল সূত্র। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি।

চলতি মাসে টলিপাড়ার একাধিক তারকার আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে। সম্প্রতি বাইপাস সংলগ্ন একটি বিলাসবহুল আবাসনে আগুন লাগে, যেখানে থাকেন অভিনেত্রী পায়েল সরকার ও লহমা ভট্টাচার্য। তারও আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের আবাসনে।

এক মাসের মধ্যে একের পর এক এমন ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে টলিপাড়ায়। মঙ্গলবারের এই অগ্নিকাণ্ডেও বড়সড় বিপর্যয় এড়ানো গেল দমকলের দ্রুত পদক্ষেপে। তবে পরপর এমন ঘটনার জেরে আবাসনগুলির অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতেই শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *