Cricket-T20 : আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ভারত……..
কিউ ইন্ডিয়া বাংলা :- টি-টোয়েন্টি বিশ্বকাপের ঢাকে কাঠি পড়তে আর মাত্র তিন দিন বাকি । আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলংকা এবারের বিশ্বকাপের যৌথ আয়োজক। ভারত গতবারে চ্যাম্পিয়ন তাই এবারও তারা অন্যতম হট ফেভারিট । বিশ্বকাপের প্রস্তুতির জন্য আজ তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে । মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এই ম্যাচটি সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে ।
সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতে এসেছে । টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস তুঙ্গে এখন । কিন্তু আত্মতুষ্টিতে টিম ইন্ডিয়া ভুগছে না সেদিকে যথেষ্ট সতর্ক টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের আগে টিমের ফাইনাল কম্বিনেশন অর্থাৎ এই টুর্নামেন্টে কোন ১১ জন খেলোয়াড় দলের হয়ে নামবেন তা ঝালিয়ে নেওয়ার আজকে শেষ সুযোগ প্রধান কোচ গৌতম গম্ভীর এর সামনে। ভারতের বিশ্বকাপের আগে খুব বেশি চিন্তা নেই । অধিনায়ক সূর্য কুমার যাদব থেকে ঈশান কিষান, অভিষেক শর্মা থেকে রিঙ্কু সিং সকলেই বিধ্বংসী ফর্মে আছেন । একমাত্র সঞ্জু স্যামসনের অফ ফর্ম চলছে । তিনি আজকের প্রস্তুতি ম্যাচে শেষ সুযোগ পেলেও পেতে পারেন। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, আজকে বোলারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে ।বোলিং বিভাগে বেশ কয়েকটি চিন্তার ব্যাপার আছে। গত নিউজিল্যান্ড সিরিজে দেখা অর্শদীপ, হর্ষিত এমন কি কিছু কিছু ম্যাচে জসপ্রিত বুমরা উইকেট পেলেও প্রচুর রান খরচ করেছিলেন । বিশ্বকাপে এই সমস্যার একটা সমাধান বের করতে হবে বোলিং কোচ মনি মর্কেলকে ।আগামী ৭ ফেব্রুয়ারি আমেরিকা যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত তার আগে এই প্রস্তুতি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের দৃষ্টিকোণ থেকে।
আজ সন্ধ্যা সাতটা থেকে স্টার স্পোর্টস চ্যানেল ও জিও হটস্টারে দর্শকরা ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে পাবেন।
