আজকের দিনেবাংলার আয়না

টেম্পোর ধাক্কায় শিশু মৃত্যু, রণক্ষেত্র লাভপুর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, লাভপুর: সাতসকালে পথ দুর্ঘটনায় শিশুমৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বীরভূমের লাভপুর। ঘাতক গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে জনরোষ আছড়ে পড়ল রাস্তায়। দফায় দফায় বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত হয়ে উঠল এলাকা।
স্থানীয় সূত্রে খবর, মৃত শিশুটি লাভপুর থানার ধনডাঙা গ্রামের বাসিন্দা। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ মায়ের সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছিল সে। প্রত্যক্ষদর্শীদের দাবি, চৌহাট্টা-সাঁইথিয়া সড়ক পার হওয়ার সময় চৌহাট্টার দিক থেকে আসা একটি দ্রুত গতির টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে সজোরে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়ে নাবালিকা। ​গ্রামবাসীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর গ্রামে পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
​দুর্ঘটনার পরই ঘাতক গাড়িটিকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। তবে সুযোগ বুঝে চালক এলাকা ছেড়ে চম্পট দেয়। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।  উত্তেজিত জনতা রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। দীর্ঘক্ষণ অবরোধের জেরে ব্যস্ততম চৌহাট্টা-সাঁইথিয়া সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। আটকে পড়ে বহু যানবাহন। খবর পেয়ে লাভপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে তাদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশ আধিকারিকদের। ঘটনার বেশ কিছুক্ষণ পার হয়ে গেলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। ঘাতক গাড়ির চালকের কঠোর শাস্তির দাবিতে অনড় গ্রামবাসীরা। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে এবং পলাতক চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে। প্রশাসন ও স্থানীয় নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *