বিধানসভায় স্ত্রীর প্রশ্নে কোণঠাসা মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, ভাইরাল ভিডিও
কিউ ইন্ডিয়া বাংলা :- মেঘালয় বিধানসভায় নজিরবিহীন দৃশ্য। স্বামী-স্ত্রীর রাজনৈতিক দ্বৈরথ ঘিরে সরগরম গোটা দেশ। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা এনপিপি সুপ্রিমো কনরাড সাংমা-কে প্রকাশ্য অধিবেশনে প্রশ্নবাণে জর্জরিত করলেন তাঁরই স্ত্রী ও বিধায়ক মেহতাব চান্দি। দু’জনেই শাসকদল ন্যাশনাল পিপলস পার্টি-র সদস্য।
ব্যক্তিগত সম্পর্ককে সম্পূর্ণ দূরে সরিয়ে রেখে বিধানসভার প্রোটোকল মেনে স্পিকারকে সম্বোধন করে চান্দি জানতে চান, রাজ্যের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির রূপায়ণে এত দেরি কেন? বিশেষ করে প্রাণিসম্পদ উন্নয়ন সংক্রান্ত একাধিক প্রকল্পের ধীরগতি নিয়ে তিনি সরব হন। তাঁর প্রশ্ন ছিল, ২০২২ সালে মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া একটি ভেটেরিনারি কলেজ, দুটি ফিশারি কলেজ এবং একটি ডেয়ারি কলেজ এই প্রকল্পগুলির কাজ এখন কোথায় দাঁড়িয়ে? পাশাপাশি বিভিন্ন পশু প্রশিক্ষণ কেন্দ্রে তীব্র কর্মী সঙ্কট নিয়েও সরকারের অবস্থান জানতে চান তিনি।
স্ত্রীর তীক্ষ্ণ প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী স্বীকার করেন, রাজ্যে পশুসম্পদ উন্নয়নের জন্য এই প্রকল্পগুলি অত্যন্ত জরুরি। কর্মী সঙ্কট যে একটি বড় সমস্যা, তাও মানেন তিনি। শূন্যপদ দ্রুত পূরণের আশ্বাস দেন সাংমা। পুরো ঘটনাক্রমে বিধানসভায় খানিক হাস্যরসের আবহ তৈরি হয়। মুখ্যমন্ত্রীর অপ্রস্তুত মুখভঙ্গি দেখে হাসি চাপতে পারেননি স্পিকারও।
এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটদুনিয়ায় কেউ লিখেছেন, “বাড়ির ঝগড়া বিধানসভায়”, আবার কেউ বলছেন, “ঝগড়াটা অন্তত রাজ্যের উন্নয়নের জন্য, ব্যক্তিগত বিষয়ে নয়।” রাজনৈতিক মহলের মতে, গণতন্ত্রে জবাবদিহি যে সম্পর্কের ঊর্ধ্বে মেঘালয় বিধানসভায় সেই বার্তাই স্পষ্ট হয়েছে।
