বিধানসভার স্পিকার হচ্ছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস
কিউ ইন্ডিয়া বাংলা :- পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার পদে মনোনীত হলেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। রাজ্যে প্রথম বিজেপি সরকারের তিনিই প্রথম স্পিকার হতে চলেছেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর নাম ঘোষণা করেন। আগামিকাল সকাল ১১টায় বিধানসভায় স্পিকার নির্বাচন।
সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, “কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস মহাশয়কে ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আমার স্থির বিশ্বাস তিনি সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন।” এ দিন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “রাজ্য সভাপতি-সহ বিধায়ক দলের সকলের সঙ্গে পরামর্শ করে জাতীয় সভাপতির অনুমোদন নিয়ে আমরা দলের অত্যন্ত বলিষ্ঠ, নিষ্ঠাবান নেতা রথীন্দ্র বোসকে স্পিকার পদের জন্য মনোনীত করেছি। এই পদ চালানোর জন্য রাজনৈতিক অভিজ্ঞতা ও উচ্চ শিক্ষার দরকার। তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। আগামিকাল সকাল ১১টায় স্পিকার নির্বাচন হবে।” মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন রথীন্দ্র বোসও। এমন গুরুদায়িত্বের জন্য তাঁকে মনোনীত করায় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান তিনি। রথীন্দ্র বোস বলেন, “সকলের শুভেচ্ছা ও আশীর্বাদ নিয়ে জনস্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করতে আমি বদ্ধ পরিকর।”
রাজ্যে প্রথমবার সরকার গড়ার পর বিজেপি বিধানসভার স্পিকার পদেও নিজেদের বিধায়ককে মনোনীত করল। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও রাজনৈতিকভাবে অভিজ্ঞ রথীন্দ্র বোসকে বেছে নেওয়ায় দলের ভিতরে-বাইরে ইতিবাচক বার্তা গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। আগামিকাল নির্বাচনের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন তিনি। ১৮তম বিধানসভার অধ্যক্ষ হিসেবে তাঁর ভূমিকার দিকে এখন নজর সকলের।
