BHANGAR: তৃণমূল কর্মীকে লক্ষ্য করে একের পর এক বোমা
কিউ ইন্ডিয়া বাংলাঃ- ফের উত্তপ্ত ভাঙর। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে একাধিক বোমা ছোঁড়ার অভিযোগ। বোমার আঘাতে গুরুতর জখম তৃণমূল কর্মী কামাল পুরকেইত। বোমার আঘাতে তাঁর বাম হাতের বেশ কিছুটা অংশ ঝলসে গিয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনায় অভিযোগের তির স্থানীয় আইএসএফের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের পাগলাহাট এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ভাঙড় ডিভিশনের উত্তর কাশীপুর থানার পুলিশ। কীভাবে এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, দুষ্কৃতীদের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি।
সোমবার রাতে কাজ সেরে ফিরছিলেন স্থানীয় তৃণমূল কর্মী কামাল পুরকেইত। তাঁর বাড়ি ভাঙড়ের পাগলাহাট এলাকাতেই। অভিযোগ, সেই সময় ওই পাগলাহাট এলাকাতেই কামালকে দেখে দুষ্কৃতীরা বোমা নিক্ষেপ করে। অভিযোগ, পর পর দুটি বোমা ছোঁড়া হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কাতরাতে থাকেন তিনি। তাঁর বাম হাতের চামড়া ঝলসে যায়। বোমার শব্দ শুনতে পেয়ে প্রথমে স্থানীয় বাসিন্দারা ভয়ে বাড়ি থেকে বের হননি। পরে গোঙানি শুনতে পেয়ে তাঁরা এগিয়ে আসেন। আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর হাতের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
তৃণমূলের অভিযোগ, ঘটনার সঙ্গে আইএসএফ জড়িত। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় আইএসএফ নেতৃত্ব। অভিযোগ, এলাকাতে অশান্ত করতেই এই ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় ডিভিশনের উত্তর কাশীপুর থানার পুলিশ।
